রুবচিচ-পর্ব সমাপ্ত!
১ জুন হঠাৎ করেই ঢাকা ছেড়ে চলে গেছেন দুই বছরের জন্য চুক্তিবদ্ধ জাতীয় দলের কোচ রবার্ট রুবচিচ। এজেন্টের মাধ্যমে দ্রুত ফিরে আসার জন্য তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। যোগাযোগ করা হয়েছে ই-মেইলেও। কিন্তু তিনি ফেরেননি। ধারণা করা হচ্ছে, আর ফিরবেন না। ই-মেইলে ইস্তফাপত্রই পাঠিয়ে দিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে)। বাফুফে অবশ্য এটি স্বীকার করছে না। জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির প্রধান বাদল রায় কাল বললেন, ‘আমরা আজ রাত (গতকাল) পর্যন্ত অপেক্ষা করব। এর মধ্যে কোনো সাড়া না পাওয়া গেলে রুবচিচ-পর্ব শেষ এবং এই ব্যাপারে আগামীকাল (আজ) সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাব।’রুবচিচের আকস্মিক অন্তর্ধানে বাফুফে সমস্যায় পড়েছে বিশ্বকাপ প্রাক-বাছাইপর্বের দুটি ম্যাচ নিয়ে। পাকিস্তানের সঙ্গে প্রাক-বাছাইপর্বের প্রথম ম্যাচ ২৯ জুন ঢাকায়, পরেরটি আগামী ৩ জুলাই পাকিস্তানের লাহোরে। ২২ জুন বিকেএসপিতে শুরু হবে ক্যাম্প। এ অবস্থায় কোচ না থাকলে কী করে চলবে? শোনা যাচ্ছে, স্থানীয় কাউকে আপৎকালীন কোচের দায়িত্ব দেওয়া হতে পারে আজই। তবে কালই ম্যানেজার হিসেবে ঘোষণা করা হলো ছাইদ হাসান কাননের নাম। ক্লাব কর্মকর্তা-খেলোয়াড়দের তলব: বাংলাদেশ লিগের যেসব ম্যাচ পাতানো সন্দেহের তালিকায় রয়েছে, সেসব ম্যাচের খেলোয়াড় ও কর্মকর্তাদের ফুটবল ভবনে ডাকা হবে বলে কাল লিগ কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদী জানিয়েছেন, আজ ডাকা হয়েছে রহমতগঞ্জ ক্লাবের খেলোয়াড় ও কর্মকর্তাদের।