রুবচিচকে খেলোয়াড় ছাড়ছেন না কার্লেভিচ
কুয়েতের বিপক্ষে প্রাক-অলিম্পিকের ম্যাচ খেলতে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দলের ক্যাম্প শুরু করেছেন কোচ রবার্ট রুবচিচ। প্রাথমিক ক্যাম্পে ডাক পাওয়া ২৬ খেলোয়াড়ের মধ্যে কাল প্রথম দিনে যোগ দেননি ৬ জন। ৪ জন পরে যোগ দিলেও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের দুজন (মিন্টু শেখ ও তৌহিদুল আলম) এই ক্যাম্পে যাবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে।বাফুফের জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান বাদল রায় জানিয়েছেন, ‘শেখ জামাল তাদের দুই খেলোয়াড় ছাড়েনি। খেলোয়াড়েরা বলেছে কোচ নাকি তাদের অনুমতি দেয়নি।’ মুক্তিযোদ্ধার এক খেলোয়াড় বলছেন, ‘ক্লাব চিঠি হাতে পায়নি। সে জন্যই...।’ তবে ভেতরের খবর, শেখ জামালের সার্বিয়ান কোচ জোরান কার্লেভিচ তাঁর খেলোয়াড়দের আপাতত ছাড়বেন না ঠিক করেছেন।ওদিকে নতুন অভিযানে নামার আগে রুবচিচ তাঁর শিষ্যদের পরখ করে নিয়েছেন একটা অনুশীলন ম্যাচে। মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রের বিপক্ষে বিকেএসপিতে অনুষ্ঠিত ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। মুক্তিযোদ্ধার কোচ মারুফুল হক ম্যাচের পর বললেন, ‘রুবচিচের দল ভালোই খেলেছে। কোচের নজরে পড়ার জন্য অনূর্ধ্ব-২৩ দলের খেলোয়াড়দের ভালো খেলার তাগিদ ছিল।’ আবাহনীর খবর: ব্যাংককে স্থানীয় প্রথম বিভাগের শীর্ষ দল হারবেকের বিপক্ষে আজ আবাহনী দ্বিতীয় ও শেষ অনুশীলন ম্যাচ খেলবে। গত ১৫ ডিসেম্বর প্রিমিয়ারের ষষ্ঠ দল ওল্ড সাবার সঙ্গে ফ্রাঙ্কের গোলে এগিয়ে গিয়েও ১-১ ড্র করেছে বাংলাদেশের পেশাদার লিগের হ্যাটট্রিক চ্যাম্পিয়নরা।