রুবচিচের কপালে চিন্তার ভাঁজ
যাঁদের নিয়ে যুদ্ধক্ষেত্রে নামবেন, সেই ফুটবলাররাই দিন দিন হতাশায় ডুবিয়ে দিচ্ছেন রবার্ট রুবচিচকে। জাতীয় ফুটবল দলের ক্রোয়েশিয়ান কোচের মুখে তাই একটাই শব্দ, ‘ভেরি ব্যাড’।মার্চে এএফসি চ্যালেঞ্জ কাপের জন্য জাতীয় দল গড়তে হবে। আমিনুল, এমিলি, এনামুল, জাহিদদের কেমন দেখছেন বাংলাদেশ লিগে? কাল বিকেলে কমলাপুর স্টেডিয়ামে ফরাশগঞ্জ-চট্টগ্রাম আবাহনীর ম্যাচ দেখতে দেখতে দীর্ঘশ্বাস ফেললেন রুবচিচ, ‘ওদের খেলায় আমি মোটেও সন্তুষ্ট নই। ওরা আমাকে হতাশ করে চলেছে।’জাহিদ, নাসির, মামুনুলদের নাম উল্লেখ করে এ-ও বললেন, ‘ওদের কাছে আমার অনেক আশা। অথচ সব আশায় ওরা জল ঢালছে। আগামী দিনে আমি পছন্দমতো দল গড়ব কীভাবে, সেটা নিয়ে চিন্তায় পড়ে গেছি।’জাতীয় দলের ৮০ শতাংশ খেলোয়াড়ই শেখ জামাল ধানমন্ডি ক্লাবে খেলছেন, তাই নবাগত এই পরাশক্তির ম্যাচই বেশি মনোযোগ কাড়ে রুবচিচের। শেখ জামালের ম্যাচ দেখতে তাই কক্সবাজার পর্যন্ত ছুটে যান তিনি। সেই শেখ জামালই তাঁকে সবচেয়ে বেশি আশাহত করছে, ‘শেখ জামালে অভ্যন্তরীণ সমস্যা থাকতে পারে। কিন্তু আশা করেছিলাম, নিজেদের নামের প্রতি সুবিচার করবে ওরা। আমার সেই আশাটা মোটেও পূরণ হচ্ছে না।’‘শেখ রাসেল, মুক্তিযোদ্ধার খেলা আমার কিছুটা ভালো লেগেছে’ বলে পরক্ষণেই তৃপ্তি খোঁজার চেষ্টা করেন। আবাহনীর প্রসঙ্গ এলে আবার তিনি হতাশ, ‘ব্যাংককে অনুশীলন করে এসে সম্ভবত এখনো নিজেদের মানিয়ে নিতে পারছে না। তাই ফেডারেশন কাপের সেই পারফরম্যান্স নেই আবাহনীর খেলায়।’সামগ্রিকভাবে বাংলাদেশ লিগটা টানছে না রুবচিচকে, ‘খেলার গতি খুবই ধীর। খেলোয়াড়দের ফিটনেস ভালো নয়। টেকনিক্যালি খুবই দুর্বল। খেলায় নান্দনিকতা নেই। রেফারিও অনেক সময় অযথা বাঁশি বাজিয়ে, হলুদ কার্ড দেখিয়ে খেলার সৌন্দর্য নষ্ট করে দেন।’আজ থেকে বাংলাদেশ লিগে দুই দিনের বিরতি। সুযোগটা কাজে লাগিয়ে আজ কমলাপুর স্টেডিয়ামে অনূর্ধ্ব-২৩ দলের ট্রায়াল ম্যাচ রেখেছেন রুবচিচ। প্রাথমিক দল থেকে ব্রাদার্সের নাহিদ, ঢাকা মোহামেডানের রাসেল ও জাহেদ, আবাহনীর আহত খেলোয়াড় জিতুকে বাদ দিয়েছেন। নিয়েছেন নতুন পাঁচজনকে—শেখ জামালের শাহেদ, রহমতগঞ্জের রিমন ও জামাল, শেখ রাসেলের মাহফুজ এবং ফরাশগঞ্জের সোহেল রানা। আগামী ২৩ ফেব্রুয়ারি ও ৯ মার্চ কুয়েতের বিপক্ষে অলিম্পিক প্রাক-বাছাইয়ের দুটি ম্যাচের জন্যই এই রদবদল।তাতেও রুবচিচের কপালে চিন্তার ভাঁজ। মুখে খোঁচা খোঁচা দাড়িও হয়তো এ কারণেই!