রুবচিচের দুশ্চিন্তা হওয়ারই কথা
সহকারীদের নিয়ে প্রতিদিন কমলাপুর স্টেডিয়ামে আসেন। চতুর্থ তলায় চেয়ার পেতে বাংলাদেশ লিগের খেলা দেখেন। যতটা খেলা দেখেন, তার চেয়ে বেশি পছন্দের খেলোয়াড় খোঁজেন। কিন্তু রবার্ট রুবচিচ তাঁর প্রত্যাশা অনুযায়ী খেলোয়াড়দের মাঠে দেখতে পান না। ক্লাবগুলো যে ওই খেলোয়াড়দের বসিয়ে রাখে সাইড লাইনে!আগামী ২৩ ফেব্রুয়ারি ও ৯ মার্চ কুয়েতের বিপক্ষে প্রাক-অলিম্পিকের দুটি ম্যাচের জন্য (অনূর্ধ্ব-২৩) ২৫ জন তরুণ খেলোয়াড় বাছাই করেছেন বাংলাদেশের ক্রোয়েশিয়ান কোচ। এর মধ্যে এখন পর্যন্ত রুবচিচের পরিকল্পনায় থাকা মাত্র পাঁচজন খেলোয়াড় প্রথম একাদশে সুযোগ পেয়েছেন!কাল ব্রাদার্স-আরামবাগ ম্যাচ শুরুর আগে তাই আক্ষেপ ঝরল বাংলাদেশ কোচের কণ্ঠে, ‘আমি ২৫ জন প্লেয়ার নিয়েছি। আশা ছিল, এরা বাংলাদেশ লিগে নিজ নিজ দলের হয়ে খেলবে। আমি তাদের মাঠে দেখব এবং সবার ভুলত্রুটি নোট করব। কিন্তু ২৭ ডিসেম্বর লিগ শুরুর পর থেকে এখন পর্যন্ত মাত্র পাঁচজন খেলোয়াড় প্রথম একাদশে খেলেছে। শেখ রাসেলের ইউসুফ আর রাজু, আবাহনীর লিংকন, মুক্তিযোদ্ধার রানা, শেখ জামালের সবুজ। অন্যরা সুযোগ না পেলে এদের নিয়ে অলিম্পিক প্রাক-বাছাইয়ে কুয়েতের মতো দলের বিপক্ষে আমি কী করব!’রুবচিচের উদ্বেগ যথার্থ। কিন্তু ক্লাব কাকে খেলাবে কাকে খেলাবে না, সেটি ক্লাবের ব্যাপার। তাই রুবচিচের বলার কিছু নেই। তবে এভাবে চলতে থাকলে তাঁর রাতের ঘুম যে হারাম হয়ে যাবে, সেটা বোঝা গেল তাঁর এ কথায়, ‘এভরি টাইম টেনশন। নো স্লিপিং, নো ইটিং।’ ক্যাম্প নেই, এখন তো ঘুম-খাওয়া সবই ভালো হওয়ার কথা—এমন রসিকতায় হেসে বললেন, ‘আমার খেলোয়াড়েরা সবাই সুযোগ পেলে ঘুম-খাওয়া সবই ভালো লাগত।’তরুণেরা সুযোগ না পাওয়ার কারণটা রুবচিচের জানাই, ‘প্রতিটি দল চারজন করে বিদেশি খেলাচ্ছে। সবাই চায় ভালো ফল করতে। কিন্তু ওই বিদেশিদের কারণে স্থানীয় উঠতি তরুণ সাইড লাইনে বসে থাকা বাংলাদেশের ফুটবলের জন্য ভালো খবর নয়।’ তিনি আরও যোগ করলেন, ‘অন্তত ১১ জন প্লেয়ারও যদি নিয়মিত খেলতে পারত, তবু আমি খুশি হতাম। আমার ১১ জন খেলোয়াড় দরকার। যাদের নিয়ে ফাইট করতে পারব মাঠে। একটা দল তো আমাকে করতে হবে।’রুবচিচের এই আকুতি শোনার সময় কারও নেই। এটিকে স্বাভাবিকই বলছেন সহকারী কোচ সাইফুল বারী, ‘আবাহনীতে যেমন লিংকন খেলে। কিন্তু জিতু বসে থাকে। অথচ জিতুকে তাঁর খুব পছন্দ। এ কারণে কোচ একাদশ সাজাতে পারছেন না। ব্যাপারটা এমন, কারও কিছু বলার নেই।’কুয়েতের ক্লাব ফুটবলে কোচ হিসেবে কাজ করছেন রুবচিচের এক স্বদেশি। তাঁর সঙ্গে ইন্টারনেটে প্রতিদিনই নাকি ‘চ্যাট’ করেন। তাঁর মাধ্যমে জেনেছেন, কুয়েতের অনূর্ধ্ব-২৩ দলটা কতটা ভালো প্রস্তুতি নিচ্ছে। কুয়েত জাতীয় দলের কাছে সম্প্রতি এক প্রদর্শনী ম্যাচে ৯ গোল খেয়েছে ভারতীয় জাতীয় দল। এসব মনে পড়লে অজানা শঙ্কায় কেঁপে ওঠেন রুবচিচ। মাঠে চোখ রেখে অস্ফুট স্বরে বলে যান, ‘আমি খুব চিন্তায় আছি। আমার কিছু ভালো লাগছে না!’