রুবেল আর মুশফিকুরই ব্যতিক্রম
একমাত্র টেস্টে পরাজয়, এরপর ওয়ানডে সিরিজেও। জিম্বাবুয়েতে এই সফর হতাশার ডালিই উপহার দিয়েছে বাংলাদেশের ক্রিকেটকে। বিস্মরণযোগ্য এই সফরে বলার মতো ব্যক্তিগত পারফরম্যান্সও খুব বেশি নেই। প্রস্তুতি ম্যাচসহ ধরলে সাত ম্যাচে মাত্র একটি সেঞ্চুরি, ইনিংসে ৫ উইকেটও নেই কারও। ১০-এর মধ্যে কে কত পাবেন? এই সফরে বাংলাদেশের খেলোয়াড়দের পারফরম্যান্সের মূল্যায়ন করলেন উৎপল শুভ্র সাকিব আল হাসান৬শেষ দুই ম্যাচে জয় সান্ত্বনা হয়ে এসেছে, তার পরও অধিনায়ক হিসেবে পারলে সফরটার কথা ভুলে যেতেন। নিজের পারফরম্যান্সেও ধারাবাহিকতা ছিল না। টেস্টের প্রথম ইনিংসে ৬৮ রানের দৃষ্টিসুখকর একটা ইনিংস খেলেছেন। তবে দুই ইনিংসেই আউট হয়েছেন বাজে শট খেলে। বোলিংয়ে তো হয়ে ছিলেন নিজের ছায়া। কিছুদিন আগেও ওয়ানডে র্যাঙ্কিংয়ে বিশ্বের এক নম্বর অলরাউন্ডারের ঝলক মাঝেমধ্যে দেখা গেছে ওয়ানডে সিরিজে। সবচেয়ে বেশি শেষ ম্যাচে। দলের পক্ষে সর্বোচ্চ রান (২১৬) করেছেন, তবে বোলিংয়ে শেষ ম্যাচের আগ পর্যন্ত চেনাই যায়নি।তামিম ইকবাল৫অতীত পারফরম্যান্স ও ‘অর্ডিনারি’ মন্তব্যের কারণে সিরিজের সবচেয়ে আলোচিত চরিত্র। তবে নিজের বেঁধে দেওয়া উঁচু মানদণ্ডে নিজের পারফরম্যান্সকেই ‘অর্ডিনারি’ বলে মানতে হবে তাঁকে। চতুর্থ ওয়ানডেতে ৬১ রানের ইনিংসটিতেই শুধু একটু চেনা গেছে, টেস্টের দ্বিতীয় ইনিংসে কিছুটা। চল্লিশের ঘরে তিনটি স্কোর। রানিং বিটুইন দ্য উইকেট ও ফিল্ডিংয়ে কখনো কখনো ছিলেন দৃষ্টিকটু রকম ধীরগতির।ইমরুল কায়েস২সফরের সব ম্যাচই খেলতে পেরেছেন বলে নিজেকে সৌভাগ্যবান বলে মানা উচিত। টেস্ট ম্যাচে দুই ইনিংসে ৪ ও ৩১। ওয়ানডে সিরিজে আরও বিবর্ণ। প্রায় সব ইনিংসে ‘লাইফ’ পাওয়ার পরও ৫ ইনিংসে করতে পেরেছেন মাত্র ৭২ রান। ১৪.৪০ গড় ব্যর্থতার প্রতিচ্ছবি।জুনায়েদ সিদ্দিক২দুঃস্বপ্নের এক সফর কাটল তাঁর। তিন দিনের প্রস্তুতি ম্যাচে আস্থাহীনতা ফুটে বেরোনোয় টেস্টে সুযোগ পাননি। শাহরিয়ার নাফীসের ব্যর্থতা খুলে দিয়েছিল দুটি ওয়ানডের দ্বার। তাতেও ব্যর্থতার প্রতিমূর্তি।মোহাম্মদ আশরাফুল৫টেস্ট ম্যাচে দলের সেরা পারফর্মার। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে শুধু তাঁর ব্যাটেই টেস্ট মেজাজটা খুঁজে পাওয়া গেছে। দুই ইনিংস মিলিয়ে ১১২ রান। ‘নতুন শুরু’র এই প্রতিশ্রুতি যথারীতি হারিয়ে গেছে ওয়ানডে সিরিজে। প্রথম দুই ম্যাচে ২ ও ৬ করার পর বাদ পড়ে শেষ ম্যাচে ফিরে করতে পেরেছেন মাত্র ১৫।শাহরিয়ার নাফীস৪টেস্টের প্রথম ইনিংসে ইতিবাচক ব্যাটিংয়ের পুরস্কার পেয়েছিলেন হাফ সেঞ্চুরিতে। এরপর তিন ইনিংসে মাত্র ৩৭ রান করার পর ওয়ানডে সিরিজের শেষ তিন ম্যাচে বাদ। প্রথম দুটি ওয়ানডেতেই ১৪ রান। উইকেটে গিয়েই যেভাবে এলোমেলো চালিয়েছেন, তাতে এটিকেও বেশি বলে মনে হচ্ছে।মুশফিকুর রহিম৭টেস্টে ভালো শুরু করেও ইনিংস দুটিকে বড় করতে পারেননি (২৭ ও ২৮)। তবে ওয়ানডে সিরিজের সেরা ইনিংসটি এসেছে তাঁর ব্যাট থেকেই। ওয়ানডেতে তাঁর প্রথম সেঞ্চুরিটি প্রায় একক নৈপুণ্যে ম্যাচ জেতানোর একটা উদাহরণও প্রায় সৃষ্টি করে ফেলেছিল। হাফ সেঞ্চুরিও আছে একটি। ওয়ানডে সিরিজে দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান। যেটি তাঁর আসল কাজ, সেই কিপিংয়েও পরিষ্কার উন্নতির ছাপ।মাহমুদউল্লাহ৩সফরের শেষ ম্যাচে অপরাজিত ৬০ রানের ইনিংসটি মনে রাখার মতো কিছু দিয়েছে তাঁকে। এর আগ পর্যন্ত ব্যাটিংয়ে ব্যর্থতা আর ব্যর্থতা। আউট হওয়ার ধরনও ছিল খুব বাজে। তৃতীয় ওয়ানডেতে ভিটরিকে ছক্কা মারতে গিয়ে আউটটি সম্ভবত বাংলাদেশকে জয়বঞ্চিত করেছে। বোলিংয়েও বলার মতো কিছু করতে অপেক্ষা করতে হয়েছে শেষ ম্যাচ পর্যন্ত। আবদুর রাজ্জাক৩টেস্ট ম্যাচে ব্যর্থতা কোনো বিস্ময় হয়ে আসেনি। তবে ওয়ানডে সিরিজেও নিষ্প্রভ হয়ে থাকাটা দলকে খুব ভুগিয়েছে। চার ম্যাচে মাত্র ২ উইকেট, গড় ৫৬। টেস্ট ও ওয়ানডেতে দুটি ঝোড়ো ইনিংস তাঁর ব্যাটিং-সামর্থ্যকে নতুন করে চিনিয়েছে। তবে বোলিংয়ে বুলাওয়ের শেষ দুই ম্যাচের পারফরম্যান্স মোটামুটি, এর আগপর্যন্ত চরম ব্যর্থ।রুবেল হোসেন৮সিরিজে বাংলাদেশের সেরা বোলার। চারের নামতা পড়ে উইকেট নিয়েছেন। টেস্টে ৪ উইকেট নেওয়ার পর ওয়ানডে সিরিজেও দুবার ৪ উইকেট। পাঁচ ম্যাচে ১১ উইকেট। পুরোনো বলে রিভার্স সুইং করানোর ক্ষমতা পরাজয়ের বৃত্তে ঘুরপাক খাওয়া দলকে জয়ের স্বাদ দিয়েছে। শুধু উইকেটই নেননি, রান দেওয়াতেও ছিলেন হিসাবি (ইকোনমি রেট ৪.০৪)।শফিউল ইসলাম৪টেস্ট ম্যাচে ওয়ানডের মতো নিরাপদ লাইনে বোলিং করার ভুল দিয়ে সিরিজ শুরু। এর পর থেকে সেই ধারা টেনে নিয়ে গিয়ে কখনোই আর সেরা রূপে দেখা দিতে পারেননি। একটি-দুটি ওভার ভালো করলেও ধারাবাহিকতার অভাব কখনোই ছাড়েনি তাঁকে।শুভাগত হোম চৌধুরী৪প্রথম দুই ইনিংসে ৩২ ও অপরাজিত ৩৫ রান। সবচেয়ে বড় কথা, আন্তর্জাতিক ক্রিকেটের আলোয় চোখ ঝলসে না যাওয়ার প্রমাণ মিলেছে তাতে। তৃতীয় ওয়ানডেতে একেবারেই অহেতুক রানআউট হওয়াটা চোখে লেগেছে।নাসির হোসেন৩আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকটা স্মরণীয়ই হয়েছে। দলের বিপর্যয়ের মধ্যে নেমে ৬৩ রান, বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের ওয়ানডে অভিষেকে সর্বোচ্চ। তবে পরের ম্যাচেই চাপে ভেঙে পড়ার উদাহরণ। মুশফিকুরকে একটু সঙ্গ দিতে পারলেই হয়তো বাংলাদেশ জেতে।রবিউল ইসলাম৪শুধু টেস্ট ম্যাচটাই খেলেছেন। দ্বিতীয় দিন সকালে টানা ১২ ওভারে ৩৮ রান দিয়ে ৩ উইকেট ওই টেস্টে বাংলাদেশের কোনো বোলারের সেরা স্পেল। মাঠের মতো মাঠের বাইরেও প্রাণবন্ত। ড্রেসিংরুমে এমন চরিত্র থাকাটা জরুরি।নাজমুল হোসেন৩একটা ওয়ানডেতেই শুধু খেলেছেন। সেটিও ১০ মাস পর। তাতে ৯ ওভারে ৩৪ রান দিয়ে ১ উইকেট—খারাপ বলা যাবে না। তাঁর ক্যারিয়ারের ধারার সঙ্গে তাল মিলিয়ে পরের দিনই চোট পেয়ে শেষ দুই ম্যাচের জন্য বিবেচনার বাইরে।মোহাম্মদ সোহরাওয়ার্দী২ওয়ানডে সিরিজের জন্য তাঁকে উড়িয়ে আনাটাই ছিল বিতর্কিত সিদ্ধান্ত। নির্বাচকদের ভুল প্রমাণ করতে একদমই সময় নেননি। জিম্বাবুয়েতে তিন বাঁহাতি স্পিনার খেলানোর চিন্তাকে অন্তঃসারশূন্য প্রমাণ করে প্রথম ম্যাচের পর থেকেই দর্শক।