রুবেল-মাহমুদউল্লাহর দুই রকম প্রস্তুতি
তামিম ইকবালের ব্যাটে লেগে বলটা ধেয়ে আসছিল রুবেল হোসেনের দিকে। শরীর বাঁচাতে বাড়িয়ে দিলেন হাত, আর তাতেই ডান হাতের মধ্যমাতে আঘাত পেলেন রুবেল।পরশু রাতে অনুশীলনের এ ঘটনা মানসিক চাপে ফেলে দিয়েছিল রুবেলকে। বিশ্বকাপের আগে একটার পর একটা ইনজুরিতে পড়ে এমনিতেই সংগ্রাম করতে হচ্ছে। নতুন এই ইনজুরি যদি বিশ্বকাপ থেকেই ছিটকে দেয়! বিশ্বকাপ খেলা না-ও হতে পারে এমন আশঙ্কায় কেঁদে ফেলেছিলেন এই পেসার। তবে ফিজিও মাইক হেনরি তাৎক্ষণিকভাবেই দিয়েছিলেন অভয়। কাল এক্স-রে রিপোর্টেও যখন জানা গেল ইনজুরিটা গুরুতর নয়, দু-তিন দিনের মধ্যে বল করতে পারবেন, অনেকটাই নির্ভার হয়েছেন রুবেল।আপাতত বল করতে না পারলেও এক্স-রে রিপোর্ট জানার পর বিশ্বকাপ-স্বপ্নটা আবারও বাস্তব হয়ে উঠেছে রুবেলের জন্য। স্বপ্ন দেখছেন মাশরাফি বিন মুর্তজার অভাব ঢেকে দেওয়ারও, ‘সুযোগ পেলে মাশরাফি ভাইয়ের অভাব পূরণের চেষ্টা করব। তাঁর না থাকাটা দলের জন্য একটা মাইনাস পয়েন্ট।’মাশরাফি অবশ্য এই ‘মাইনাস পয়েন্ট’টাকে দূর করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। পুরো ২১ মিটার রানআপে ভালোভাবেই বল করতে পারছেন বলে প্রতিদিন একটু একটু করে বাড়ছে আত্মবিশ্বাস। তবে ম্যাচ খেলার মতো ফিট কি না, সেই প্রশ্নটা এখনো উড়ে বেড়ানোয় তাঁর ইচ্ছা সুপার লিগে অন্তত একটা ম্যাচ খেলার।মাশরাফির লক্ষ্য আপাতত সুপার লিগ খেলা, রুবেল চান জাতীয় দলে মাশরাফির অভাব পূরণ করতে। অন্যদিকে মাহমুদউল্লাহর লক্ষ্য প্রিমিয়ার লিগের ভালো পারফরম্যান্সটা বিশ্বকাপেও ধরে রাখা। কাল অনুশীলনের মাঝখানে এসে জানিয়ে গেলেন, ‘প্রিমিয়ার লিগে যেভাবে পারফর্ম করেছি, তাতে বিশ্বকাপে ভালো করার ব্যাপারে আমি আত্মবিশ্বাসী। জাতীয় দলের সব ক্রিকেটারই প্রিমিয়ার লিগে ভালো করেছে। আত্মবিশ্বাসের কমতি নেই কোথাও।’জেমি সিডন্সের পাওয়ার প্লের ব্যাটিংয়ের অঙ্কে ভালোভাবেই আছেন মাহমুদউল্লাহ। প্রিমিয়ার লিগে পাওয়ার প্লেতে ব্যাটিং করে আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন তিনি নিজেও, ‘আমি সাত নম্বরে ব্যাটিং করি। তাই ব্যাটিং পাওয়ার প্লের সময় আমাকে থাকতে হবে। কোচও তাই চান। প্রিমিয়ার লিগে বেশ কয়েকটা ম্যাচে শেষ পর্যন্ত খেলেছি।’পাওয়ার প্লের ব্যাটিংয়ের মতো পাওয়ার প্লের বোলিংটাও কখনো কখনো পরীক্ষা হয়ে দাঁড়ায় বাংলাদেশ দলের জন্য। মাহমুদউল্লাহর কাছে অবশ্য এ পরীক্ষাটা মূলত স্নায়ুর চাপ সামলানোর, ‘সব দলই ব্যাটিং পাওয়ার প্লেতে তাদের সেরা বোলারদের ব্যবহার করে। আমরাও তাই করব। তবে আসল ব্যাপার হলো স্নায়ুর চাপ কে কতটা সামলাতে পারে। কে কতটা ভালোভাবে সেটা ব্যবহার করতে পারে।’