রুবেল যেন ক্রিকেটের নায়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রুবেল ছিলেন পর্দা কাঁপানো এক নায়ক। একাই দু-চার গন্ডা ভিলেনকে কাবু করা ছিল যাঁর বাঁ হাতের খেল। একটু মজা করেই বললাম। তবে এ কথাটায় কোনো কৌতুক মেশানো নেই বরং আমাদের ক্রিকেট ইতিহাসের জন্য ধ্রুব এক সত্য—রুবেল হোসেন আমাদের ক্রিকেটের ঠিক যেন এক নায়ক!ওর জীবনের গল্পটা খেয়াল করে দেখুন। আপনি যদি লেখক হয়ে থাকেন, রুবেল অবশ্যই আপনাকে প্রলুব্ধ করবে ওকে নিয়ে একটা উপন্যাস লিখতে। চাইকি আপনি বানিয়ে ফেলতে পারেন একটা সিনেমাই।বাগেরহাটের নাগেরবাজার এলাকার সাধারণ এক পরিবার থেকে রুবেল উঠে এসেছে আজকের আন্তর্জাতিক আলোর মঞ্চে। এবং কী অবিশ্বাস্য দ্রুততায় তার উত্থান! জাতীয় দলে খেলার আগে জাতীয় লিগেও খেলেনি। রুবেল বিকেএসপির ছাত্রও ছিল না। বয়সভিত্তিক দলেও খেলতে হয়নি খুব বেশি দিন। ওকে প্রথম আবিষ্কার করা হয় পেসার হান্ট নামের একটা কর্মসূচিতে। এরপর দ্রুতই একদিন আমরা তাকে আবিষ্কার করি জাতীয় দলে।এর আগে অবশ্য বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ও একটি কি দুটি সফর করেছে। ২০০৮ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও খেলেছিল। কিন্তু নজরে পড়ার মতো পারফরম্যান্স করেনি। আর সবার মতো আমিও ওকে প্রথম ভালোভাবে দেখি জাতীয় দলে আসার পরই।এর আগে অবশ্য অনুশীলনে রুবেলের বোলিং দেখার পর খুব সম্ভবত প্রথম আলোতেই লেখা হয়েছিল ওকে নিয়ে। সেটি মূলত ওর অ্যাকশনের কারণে। রুবেলের অ্যাকশনের সঙ্গে নাকি শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গার অনেক মিল।২০০৯-এর জানুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে রুবেলের অভিষেক, শ্রীলঙ্কার বিপক্ষে। শ্রীলঙ্কা দলে মালিঙ্গা ছিল না, কিন্তু আমাদের দলে রুবেল ছিল!অভিষেকেই দুর্দান্ত বল করেছিল। ওই ম্যাচে মাত্র ১৯ রানে শ্রীলঙ্কা শেষ ৫ উইকেট হারিয়েছিল। এই ৫ উইকেটের চারটিই নিয়েছিল রুবেল। আমরা পেয়েছিলাম স্মরণীয় এক জয়। রুবেলের জীবনের গল্পটা আরও বেশি রূপকথার মতো মনে হচ্ছে, কারণ এই উত্থানের সঙ্গে সঙ্গে ও খুব দ্রুত পতনও দেখে ফেলেছিল। এবং সেটি পরের ম্যাচেই! ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ১৫২ রান করেও জয়ের স্বপ্ন দেখছিল বাংলাদেশ। ১১৪ রানে তুলে নিয়েছিল শ্রীলঙ্কার ৮ উইকেট। কিন্তু তার পরও বাংলাদেশের মুঠো থেকে বেরিয়ে যায় জয়। রুবেলের করা ম্যাচের ৪৬তম ওভারে ২০ রান তোলে মুরালিধরন। ওই মুরালিই রুবেলের পরের ওভারে পরপর দুই বলে ছয় আর চারও মারে।এক ম্যাচ আগেই যাকে সবাই মাথায় তুলে নাচছিল, পরের ম্যাচেই সেই রুবেলের দিকে ছুটে গেল সমালোচনার অজস্র তীর। এবং আমি বলব, ভালোই হলো! খুব দ্রুতই আন্তর্জাতিক ক্রিকেটের মুদ্রার দুটো পিঠই দেখা হয়ে গেল তার।অভিজ্ঞতাটা রুবেলের জীবনে খুব ভালোমতোই কাজে দিয়েছে। রুবেল মাটিতে পা রাখতে শিখেছে। জাতীয় দলে অনেককেই দেখেছি ধূমকেতুর মতো আবির্ভাব হতে। আর দ্রুতই হারিয়ে যেতেও দেখেছি। জীবনের প্রথম টুর্নামেন্টের ওই অভিজ্ঞতা যদি রুবেল তাবিজের মতো বেঁধে রাখতে পারে, ও কোনো দিনই হারিয়ে যাবে না।রুবেলের শক্তির সবচেয়ে বড় দিক হলো ও পাল্টায়নি। পাল্টায়নি দুই দিক থেকেই। হঠাৎ করে যশ-খ্যাতি পেলে অনেকের মাথা ঘুরে যায়। মাটিতে পা পড়ে না। রুবেলকে যত দূর দেখেছি, আমার মনে হয় ও রুবেলই আছে। পাল্টায়নি তার স্বভাবজাত অ্যাকশনও। মালিঙ্গার নাম সে জাতীয় দলে আসার আগে শোনেনি, মালিঙ্গাকে অনুকরণ করার প্রশ্নও তা-ই ওঠে না।পত্রিকায় পড়লাম, বোলিং কোচ ইয়ান পন্ট নাকি ওর অ্যাকশন নিয়ে কাজ করছেন। হ্যাঁ, সবকিছু নিয়ে ‘ফাইন টিউনিং’ হতেই পারে। তবে রুবেলের অ্যাকশন পাল্টে ফেলার পক্ষে আমি নই। ওর ওই অ্যাকশনের কারণে বল পিচ করার পর জোরে আসে। তবে আন-অর্থোডক্স অ্যাকশন হওয়ার কারণে ফিটনেসের সমস্যা আছে। সেই সমস্যা কাটাতে একটু যদি ছাড় দিতে হয় তো দেওয়া যায়। কিন্তু তার পরও বলি, ওর অ্যাকশনে বড় পরিবর্তন আনাটা হবে বোকামি।শুরুর দিকে রুবেলের লেংথেও সমস্যা দেখেছিলাম, ফুলার দিত নয়তো শর্ট পিচ। এখন সেই সমস্যা ও অনেকটাই কাটিয়ে উঠেছে। রুবেল নিশ্চয়ই বুঝে গেছে, আন্তর্জাতিক পর্যায়ে গতিটাই শেষ কথা নয়। লাইন-লেংথও সমান গুরুত্বপূর্ণ। রুবেলের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, স্লগ ওভারে ওকে ব্যবহার করা যায়। নিউজিল্যান্ড সিরিজে ও কিন্তু শেষের ওভারগুলোতে দারুণ বোলিং করেছে। টেল এন্ডারদের ছেঁটে ফেলার ক্ষমতা আছে ওর। আর আছে ব্রেক থ্রু এনে দেওয়ার গুণ।বিশ্বকাপে রুবেল আমাদের অন্যতম ভরসা হবে। মাশরাফি এখন পর্যন্ত নেই ধরে নিচ্ছি। নতুন বলের তিন বোলার রুবেল, নাজমুল আর শফিউলকে ভালো বল করতে হবে। প্রার্থনা করব, ওরা যেন সবাই ফিট থাকে। রুবেলকে ব্যাটিংয়েও একটু মনোযোগ দিতে বলব। লোয়ার-অর্ডার ব্যাটসম্যানের ১৫-২০ রানও কিন্তু অনেক সময় ম্যাচের নিয়ন্তা হয়ে দাঁড়ায়।রুবেলের ওপর আমার অনেক প্রত্যাশা। শুধু আমার কেন, পুরো বাংলাদেশেরই তাই। রুপালি পর্দা, গল্প-উপন্যাস-নাটক নয়; বিশ্বকাপই ‘হিরো’ হওয়ার আসল মঞ্চ!