রুবেল যেন হঠাৎই আকরাম-ওয়াকার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুবেলের সাফল্যে মিশে আছে মাশরাফির অবদানও। কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে একই ফ্রেমে দুই পেসার ষ প্রথম আলো
রুবেলের সাফল্যে মিশে আছে মাশরাফির অবদানও। কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে একই ফ্রেমে দুই পেসার ষ প্রথম আলো

‘আমি এমন স্পেল দেখেছি ওয়াসিম আকরামের, ওয়াকার ইউনিসের। দেখেছি ব্রেট লি, শোয়েব আখতারের। দেখেছি মুহূর্তেই ম্যাচের মোড় বদলে দিতে। ওদের ক্যারিয়ারেও এমন স্পেল আছে একটি, দুটি, কি তিনটি। সত্যি বলতে, এমন বোলিং নিয়ে আসলে বলার কিছু নেই। এসব শুধু দেখতে হয়, উপভোগ করতে হয়।’
কিছু না বলেও কখনো অনেক কিছু বলা হয়। রুবেল হোসেনের পরশুর বোলিংয়ের প্রশংসায় যেমন ভাষাই খুঁজে পাচ্ছেন না মাশরাফি বিন মুর্তজা। তার পরও যা বললেন, তাতেই বুঝিয়ে দিলেন আসলে কতটা বিধ্বংসী, কতটা অপ্রতিরোধ্য ছিলেন রুবেল। হ্যাটট্রিকসহ ৬ উইকেট বলেই শুধু নয়। কোনো বোলারের ৬ উইকেট দেখেছে ওয়ানডে ক্রিকেট আরও ৬০ বার। হ্যাটট্রিক আছে আরও ৩৩টি। কিন্তু রুবেলের বোলিংয়ে ছিল আরও বেশি কিছু। চোখের পলকেই তো ছিনিয়ে নিলেন ম্যাচ। ৬ উইকেট পেয়েছেন, কিন্তু পেতে পারতেন যেন আরও বেশি। ওয়ানডেতে বাংলাদেশের কোনো পেসার দেশের মাটিতে প্রতিপক্ষকে এমন কাঁপিয়ে দিচ্ছেন, সেটাই বা কে কবে দেখেছে!
মাশরাফির জন্য ম্যাচটি ছিল ফেরার। আরও একবার। নিজে উইকেট না পেলেও ফেরাটা স্মরণীয় হয়ে থাকল দলের দারুণ জয় আর উত্তরসূরির দুরন্ত বোলিংয়ে। রুবেলের এই ৬ উইকেটে কিন্তু মাশরাফির প্রত্যক্ষ ও পরোক্ষ অবদান আছে! প্রত্যক্ষ অবদান দুটি ক্যাচ। শেষ দুই উইকেট মাশরাফির ক্যাচে, শেষটি তো ছিল অসাধারণ। আর পরোক্ষ অবদানের কথা ম্যাচ শেষে বলেছিলেন রুবেল নিজেই, ‘মাশরাফি ভাই বলেছিলেন এভাবে বোলিং করে যা, তুই আজ পাঁচ-ছয় উইকেট পেয়ে যাবি।’
রুবেলের কথাটা শুনে তখন খানিকটা খটকা লাগছিল। পাঁচ-ছয় উইকেট কি বলে-কয়ে হয়! সেটাও আবার একজন বোলার যেখানে করতে পারতেন সর্বোচ্চ ৭ ওভার! কিন্তু ৫.৫ ওভারেই ৬ উইকেট নিয়েছেন রুবেল। বিষয়টি নিশ্চিত করলেন মাশরাফিই। সত্যিই রুবেলকে বলেছিলেন ওই কথা! শুধু সতীর্থকে উদ্বুদ্ধ করতেই ওটা বলেননি, বলেছিলেন বিশ্বাস থেকেই, ‘ওর বল লেংথ থেকে দারুণ লাফাচ্ছিল। সাপের মতো ছোবল দিচ্ছিল। মনে হচ্ছিল প্রতি বলেই কিছু না-কিছু হচ্ছে। এ জন্যই ওকে বলেছিলাম, তুই কোনো পরীক্ষা-নিরীক্ষা না করে স্রেফ এই বোলিংটা করে যা, আজ ৬ উইকেট পেয়ে যাবি।’
এমনিতে রুবেল যেমন আদর্শ মানেন মাশরাফিকে, তেমনি মাশরাফিও রুবেলের গুণমুগ্ধদের একজন। টেস্ট সিরিজটা রুবেলের জন্য গেছে যাচ্ছেতাই। গণ্ডায় গণ্ডায় রান গুনে দুই টেস্টে উইকেট নিয়েছেন একটি। ওয়ানডেতেও খরুচে হিসেবে একটা বদনাম আছে। বোলিং বিশ্লেষণ, ক্যারিয়ার দেখে অনেকেই প্রশ্ন তোলে, রুবেল কেন বারবার সুযোগ পায়? মাঠেই উত্তর দিয়েছেন রুবেল, মাঠের বাইরে দিলেন মাশরাফি, ‘অনেকেই বুঝতে চায় না, বাংলাদেশের উইকেটে বোলিং করা পেসারদের জন্য কতটা কঠিন। চট্টগ্রাম টেস্টের কথাই ধরুন, একজন পেসারের ওখানে কী-ই বা করার ছিল! রুবেল কিন্তু দারুণ বোলিং করেছে, ফিগার দেখে সেটা বোঝা যাবে না। লোকে শুধু উইকেটসংখ্যাটাই দেখে। দেখে না যে রুবেল জান লাগিয়ে বোলিং করে।’
ব্যক্তিগত পারফরম্যান্সে ফেরার ম্যাচে তৃপ্তি-অতৃপ্তি দুটোই আছে মাশরাফির, ‘পেসারদের কাছে দলের চাওয়া ছিল শুরুতে খুব বেশি রান না দেওয়া। সেটা পেরেছি, ব্যাটের কানায় লেগে দুটো চার না হলে রান আরও কম থাকত। তবে উইকেট পেলে ভালো লাগত।’
উইকেট না পেলেও মাঠে দেখা গেছে সেই চিরচেনা মাশরাফিকেই। চোট থেকে ফিরে প্রথম ওভারটি করেছেন মেডেন, চোটের ভয় না করে ডাইভ দিয়েছেন প্রথম ওভারেই। ওই দুটি ক্যাচ ছাড়াও মাঠে ছিলেন দারুণ চনমনে। এই জায়গাটায় তৃপ্ত মাশরাফি নিজেও, ‘মাঠে নেমে আসলে চোট-টোট নিয়ে ভাবলে চলে না। সব সময়ই নিজেকে উজাড় করে দিতে ইচ্ছে করে। আর শরীরী ভাষাটা আমি নিজেও চনমনে রাখতে চেয়েছিলাম। কারণ, জাতীয় দলের মতো জায়গায় সহানুভূতির জায়গা নেই। সেটা আমি চাই-ও না। ভালো খেলেই টিকে থাকতে হয়।’
নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ধবলধোলাই সিরিজ গর্বের পাশাপাশি মাশরাফির কাছে একটা আক্ষেপও। তখন অধিনায়ক ছিলেন তিনিই, কিন্তু চোটে ছিটকে গেলেন প্রথম ম্যাচেই! এবার দলে আছেন, আক্ষেপ ভুলিয়ে দিতে পারে আরেকটি ধবলধোলাই। তবে আবেগে বাঁধ দিতে বলছেন মাশরাফি নিজেই, ‘সবার কাছে আমার অনুরোধ থাকবে, আবেগটাকে নিয়ন্ত্রণে রাখতে। গতবারের চেয়ে এবার নিউজিল্যান্ড অনেক ভালো দল, অনেক ব্যালান্সড। গত এক বছরে ওদের পারফরম্যান্সও দুর্দান্ত। সিরিজ জিততে পারাটাই হবে দারুণ কিছু। দ্বিতীয় ম্যাচে সিরিজ জিতে গেলে পরে শেষ ম্যাচ তো জিততে চাইবই।’
মাশরাফির এই ভাবনাই কি হবে সিরিজের চিত্রনাট্য!