রুবেলকে নিয়েও শঙ্কা
সকালে একটু আগেভাগেই কোচ শেন জার্গেনসেনের সঙ্গে মাঠে চলে এসেছিলেন রুবেল হোসেন। উদ্দেশ্য হাত-টাত একটু ঘুরিয়ে কাঁধের অবস্থাটা বোঝা। এই টেস্টে না হয় খেলছেন না, ওয়ানডে সিরিজটা তো খেলতে হবে!কিন্তু ব্যাপারটা ধরা পড়ল কোচের সঙ্গে মাঠের আসার পরই। গা গরম, শরীরে জ্বর-জ্বর ভাব। তার চেয়ে ভয়ের কথা, জলবসন্তের মতো গুটি গুটি কী যেন দেখা গেল রুবেলের শরীরে। অনুশীলন না করে তাই হোটেলেই ফিরে যান। টিম ম্যানেজার তানজীব আহসান অবশ্য পরে জানান, রুবেলের জলবসন্তই হয়েছে কি না, সেটি এখনো নিশ্চিত নন তাঁরা, ‘হোটেলে ডাক্তার এসে দেখে গেছে তাকে। ডাক্তার বলেছেন, এটা চিকেনপক্স না-ও হতে পারে। আর একটা দিন গেলে বোঝা যাবে।’শাহরিয়ার নাফীস ও এনামুল হক জুনিয়র আজ দেশে ফিরে গেলে হারারেতে এসে তাঁদের জায়গা নেওয়ার কথা রাজ্জাক ও শামসুর রহমানের। ওয়ানডে সিরিজের আগে আরও একজন ক্রিকেটারের ফিরে যাওয়ার কথা দেশে। তবে কালকের আগ পর্যন্ত সেই ক্রিকেটারটি রুবেল হোসেন হওয়ার কোনো সম্ভাবনা ছিল না। প্রথম টেস্টে কাঁধে চোট পেলেও ওয়ানডে সিরিজে খেলানোর চিন্তা করেই রেখে দেওয়া হয়েছিল এই পেসারকে। কিন্তু এখন যদি সত্যি সত্যিই জলবসন্তে আক্রান্ত হন, তাহলে হয়তো দেশে ফিরতে হবে তাঁকেই। সে ক্ষেত্রে হারারেতে থাকা বাকি ১৫ জনকে নিয়েই হতে পারে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দল।