রুবেলের ওই একটি ওভারই!
রুবেল হোসেনের একটি ওভারই শেষ করে দিল সব। নয়তো ২২৭ রান নিয়েও এই ম্যাচে বেশ ভালো অবস্থানেই ছিল বাংলাদেশ।মিরপুরে আজ সন্ধ্যায় স্পিনাররা যেভাবে বল ঘোরাচ্ছিলেন, তাতে উত্সাহিত হয়েই বোধ হয় মমিনুলকে বোলিংয়ে নিয়ে এসেছিলেন অধিনায়ক মুশফিকুর রহিম। মমিনুলের দুটি ওভারে তাঁকে মনে হলো ‘বিষেন সিং বেদি।’ প্রথমবারের মতো বল করতে এসে ওয়ানডে ক্রিকেটে উইকেট তুলে নেওয়ার খুব কাছেই ছিলেন তিনি। কিন্তু, ভাগ্য! হ্যাঁ ভাগ্যই মমিনুলকে সেই সুযোগ থেকে বঞ্চিত করল। কিন্তু স্পিনারদের আধিপত্য দেখতে দেখতে মুশফিকুর বোধ হয় একটি ভুলই করে বসলেন। মাহমুদউল্লাহ ও নাঈমের ছয় ওভার বাকি থাকলেও বোলিংয়ে আনলেন রুবেলকে। রুবেলের এক ওভারে ২৪ রান নিয়েই সেঞ্চুরিয়ান মারলন স্যামুয়েলস চাপ কাটিয়ে ম্যাচটি বের করে নিয়ে গেলেন ক্যারিবীয়দের অনুকূলে।বাংলাদেশের ২২৭ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ ৬ উইকেট হারিয়ে পৌঁছে গেল জয়ের বন্দরে। ক্যারিবীয়দের ২২৮ রানের মধ্যে মারলন স্যামুয়েলসেরই অবদান ১২৬ রান। স্যামুয়েলসের ইনিংসটি না হলে বা এর চেয়ে একটু কম দৈর্ঘ্যের হলে হয়তো ম্যাচটি বাংলাদেশেরই হয়ে যেত। সন্ধ্যার শিশির বোলারদের অসুবিধায় ফেলেছে। এর পরও বাংলাদেশের স্পিনারদের ছিল পরিষ্কার আধিপত্য। সোহাগ গাজী, আবদুর রাজ্জাক, মাহমুদউল্লাহ, নাঈমদের বলগুলো যেন ফণা তুলে ছোবল মারছিল ক্যারিবীয় ব্যাটসম্যানদের। কিন্তু স্পিনারদের ঘূর্ণি সামলে মারলন স্যামুয়েলস যেন একাই প্রতিরোধের পাহাড় হয়ে দাঁড়িয়ে থাকলেন। সব দায়িত্ব নিজের কাঁধে নিয়ে যোগ্য নাবিকের মতো দলকে নিয়ে নোঙর করালেন প্রমত্ত দরিয়ার তীরে।স্পিনারদের আধিপত্য থাকলেও বাংলাদেশের প্রথম শিকার কিন্তু মাশরাফিরই। মাশরাফি প্রথম কটি ওভার কেমন বল করেছেন, সেটা আসলে সঠিক ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। প্রতিটি বলই ওয়েস্ট ইন্ডিজের দুই উদ্বোধনী ব্যাটসম্যান ক্রিস গেইল ও কাইরন পাওয়েলের ব্যাটে বাতাস লাগিয়ে গেছে। তবে মাশরাফি দুর্দান্ত বোলিংয়ের পুরস্কারটি পেয়ে যান ইনিংসের চতুর্থ ওভারেই। তাঁর দুর্দান্ত একটি আউট সুইঙ্গার গেইলের ব্যাটে চুমু দিয়ে আশ্রয় নেয় মুশফিকুর রহিমের গ্লাভসে। গেইলের বিদায়ের পর আরও একটি জয়ের সুবাতাস পরশ বুলিয়ে গিয়েছিল মিরপুরের মাঠে। আজই সিরিজ নিজেদের করে নেওয়ার স্বপ্ন উঁকি দিয়েছিল সবার মনেই। কিন্তু সেই স্বপ্নকে যেন দুঃস্বপ্নে পরিণত করলেন মারলন স্যামুয়েলস ও কাইরন পাওয়েল। ১১১ রানের এক জুটি গড়ে দলকে বিপদমুক্ত করলেন, বাংলাদেশের নিয়ন্ত্রণও আলগা করে ম্যাচটি নিয়ে গেলেন তাঁদের নিয়ন্ত্রণে।স্যামুয়েলস ও পাওয়েল ব্যাটিং করার সময় ভাগ্য একেবারেই অনুকূলে ছিল না বাংলাদেশের স্পিনারদের। উইকেট থেকে তাঁরা দারুণ টার্ন আদায় করে নিচ্ছিলেন। ব্যাটসম্যানদের বিব্রত করে যাচ্ছিলেন অবিরাম। কিন্তু প্রয়োজনের সেই উইকেটটিই কেবল তুলে নিতে পারছিলেন না। এমন করতে করতে ভাগ্য কিছুটা মুখ তুলে তাকায় ২৭ ওভারে এসে। মাহমুদউল্লাহর বলে ব্যক্তিগত ৪৭ রানে স্ট্যাম্পড হন পাওয়েল। পাওয়েলের বিদায়ের পর হারানো বিশ্বাস যেন কিছুটা হলেও ফিরে পায় বাংলাদেশ শিবির। উইকেটে বেঁধে রাখা ব্রাভোকে এরপর ফেরান নাঈম ইসলাম। একে একে ফেরেন ডোয়াইন স্মিথ ও কাইরন পোলার্ড। এই দুটি উইকেটই তুলে নেন আবদুর রাজ্জাক। পোলার্ডকে অসাধারণ এক বলে করে দেন বোল্ড। গোটা মিরপুরে তখন সবার বুক দুরু দুরু! তাহলে কি ম্যাচে ফিরল বাংলাদেশ!প্রত্যাশাটা এ সময় আবেগে মোড়ানো থাকলেও পোলার্ডকে আউট করার পর ম্যাচে বেশ ভালো করেই ছিল বাংলাদেশ। এ সময় ‘অকেশনাল’ মমিনুলও বুকে কাঁপন ধরিয়ে দিচ্ছিলেন ক্যারিবীয় ব্যাটসম্যানদের; এমনকি স্যামুয়েলসেরও। ঠিক এই সময়ই ভুলটি করে বসলেন মুশফিকুর রহিম। মাহমুদউল্লাহর একটি ও নাঈমের পাঁচ ওভার বাকি থাকতে রুবেল হোসেনের ওপর বিশ্বাস রেখে বসলেন তিনি। দ্বিতীয় স্পেলে বল করতে এসে প্রথম ওভারটি মোটামুটি ভালো করলেও পরের ওভারটিতে স্যামুয়েলস তাঁর বল থেকে তুলে নেন ২৪টি রান। ম্যাচ ওখানেই শেষ। ১২৬ রান কর দলের বিপদ কাটিয়ে স্যামুয়েলস অবশ্য আউট হয়েছেন। মাশরাফির বল আকাশে তুলে দিয়ে মাহমুদউল্লাহর হাতে ধরা পড়ে স্যামুয়েলস যখন বিদায় নিচ্ছেন, তখন এই ম্যাচ থেকে প্রত্যাশা করার আর কিছুই অবশিষ্ট নেই বাংলাদেশের।