রুবেলের জায়গায় জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হংকংয়ের কাছে হারের পর বাংলাদেশ হারাল রুবেল হোসেনকেও। ওই ম্যাচে ফিল্ডিংয়ের সময় একটা ক্যাচ নিতে গিয়ে আঙুলে চোট পাওয়া রুবেল ছিটকে পড়েছেন টুর্নামেন্ট থেকে। তাঁর পরিবর্তে দলে পেসার জিয়াউর রহমানকেও নেওয়ার সিদ্ধান্ত একরকম চূড়ান্ত। আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমোদনের পরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে সেটি।
বিসিবি সূত্রে জানা গেছে, আঙুলের হাড়ের চ্যুতি থেকে পুরোপুরি সুস্থ হতে অন্তত এক সপ্তাহ সময় লাগবে রুবেলের। সে কারণেই তাঁকে বাদ দিয়ে জিয়াকে নেওয়ার সিদ্ধান্ত।
রুবেলের পরিবর্ত পাওয়া গেলেও নির্বাচকেরা যে আশঙ্কায় আছেন বড় দুঃসংবাদ শোনার! হ্যাঁ, মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে একটু বেশিই চিন্তায় পড়ে গেছে ফারুক আহমেদের নির্বাচক কমিটি। এক্স-রে ও সিটি স্ক্যানে হাড়ে চোট ধরা না পড়লেও চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ফুসফুসে জমা পানি। আগে থেকেই অ্যাজমায় ভোগা মাশরাফির আশঙ্কা, পাঁজরের ব্যথা হয়তো সে কারণেই কমছে না। এ নিয়ে কাল রাতেই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা তাঁর, ‘ব্যথা এখনো কমেনি, বরং বেড়েছে। আজ (কাল) রাতে ডাক্তার দেখাব ভাবছি।’
চিকিৎসকের পরামর্শ এবং সর্বশেষ করানো এমআরআই রিপোর্ট দেখেই মাশরাফির দলে থাকা না-থাকার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানিয়েছে বোর্ড সূত্র। তার আগে হতে পারে একটা ফিটনেস টেস্টও।