রুবেলের পাশে মুশফিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ানডে সিরিজ জয়ের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচেও জয়ের বেশ কাছাকাছি চলে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু শেষ পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজের কাছে ১৮ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় টাইগারদের। ম্যাচ শেষে অনেকেই হয়তো কাঠগড়ায় তুলেছেন শেষ ওভারে ২৯ রান দেওয়া রুবেল হোসেনকে। কিন্তু একা রুবেলের ঘাড়ে দোষ চাপাতে রাজি নন মুশফিকুর রহিম। ওয়েস্ট ইন্ডিজের মারমুখী ব্যাটসম্যানদের সামনে যেকোনো বোলারেরই এ রকম অবস্থা হতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ অধিনায়ক।মারলন স্যামুয়েলসের দানবীয় ব্যাটিংয়ের সুবাদে বাংলাদেশকে জয়ের জন্য ১৯৮ রানের দুরূহ লক্ষ্যমাত্রা বেঁধে দেয় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ব্যাট করতে নেমে চমত্কার ব্যাটিং পারফরম্যান্স দেখিয়েছেন এনামুল হক, তামিম ইকবাল ও মাহমুদুল্লাহ। টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন এক রেকর্ডও তৈরি করেছেন টাইগাররা। ক্রিকেটের ক্ষুদ্রতম এই সংস্করণে প্রথমবারের মতো রান তাড়া করতে নেমে মাত্র একটি উইকেট হারিয়েই ইনিংস শেষ করার কৃতিত্ব অর্জন করেছে মুশফিক বাহিনী। অনেকের চোখেই হয়তো আজকের ম্যাচের ট্রাজিক ভিলেনরূপে হাজির হয়েছেন রুবেল হোসেন। প্রথম তিন ওভারে ৩৪ রান দিয়ে ক্রিস গেইল ও ডোয়াইন স্মিথের উইকেট শিকার করলেও শেষ ওভারে ২৯ রান দেওয়ায় বাংলাদেশের লক্ষ্যটা নাগালের ভেতরে থাকেনি বলে অনেকের আক্ষেপ। তবে ম্যাচ শেষে রুবেলের পাশে দাঁড়িয়েছেন মুশফিক। তিনি বলেছেন, ‘আমি রুবেলকে কোনো দোষ দেব না। কারণ, স্যামুয়েলস যখন মারতে থাকেন, তখন ওভাবেই মারেন। আপনারা হয়তো টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের কথা মনে করতে পারবেন। ওই ম্যাচে তিনি লাথিস মালিঙ্গার ওপরও এভাবে চড়াও হয়েছিলেন। এটা আমাদের দুর্ভাগ্য। ব্যাট হাতে আমরা শুরুটা খুব ভালোভাবেই করেছিলাম। কিন্তু মাঝে রান সংগ্রহের গতি খানিকটা কমে গিয়েছিল। বেশ কয়েকটি ফুল টস বলের ফায়দাও আমরা নিতে পারিনি। কিন্তু সবাই জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টাটা করেছে। আমি এতে খুবই খুশি।’