রুবেলের ফেরার লড়াইয়ে বড় এক ধাপ
ফিল্ডিং করছিলেন গালিতে। মিড উইকেট থেকে অধিনায়ক রকিবুল হাসান ইশারা করলেন বোলিংয়ে আসতে। অনুশীলনের মেজাজে এগোতে থাকা প্রস্তুতি ম্যাচ হঠাৎই যেন জীবন্ত! সব চোখ বোলিং প্রান্তে। রিচার্ড ম্যাকিন্স আর সাকলায়েন মুশতাকের সঙ্গে কথা থামিয়ে কোচ রিচার্ড পাইবাসও নিষ্পলক তাকিয়ে, পাশের নেট থেকে ঘুরে তাকালেন বোলিং কোচ শেন জার্গেনসন। বল হাতে যে রুবেল হোসেন!টি-টোয়েন্টি বিশ্বকাপটা খেলতে পারছেন না বলে হতাশার শেষ নেই। কিন্তু থমকে গেলে তো আর চলবে না। পুরোপুরি ফিট হয়ে দলে ফেরার লড়াই চালিয়ে যাচ্ছেন রুবেল। সেই পথে বড় একটা পদক্ষেপ ফেললেন কাল। একাডেমি মাঠে বিসিবি লাল বনাম সবুজ প্রস্তুতি ম্যাচে এই পেসার কাল খেলেছেন সবুজ দলের হয়ে। গত ফেব্রুয়ারিতে চোট নিয়ে মাঠের বাইরে ছিটকে পড়ার পর ম্যাচ খেললেন এই প্রথম। ডাক্তার-ফিজিওর নির্দেশনা অনুযায়ী নিজের পুরো গতি আর সামর্থ্যে বোলিং করার চেষ্টা করেননি। ছোট রান আপে স্রেফ লেংথ বোলিং করে গেছেন। চোট পেয়ে ছিটকে পড়ার আগে বাংলাদেশের পেস আক্রমণের নেতৃত্ব দিচ্ছিলেন তিনিই। কাল রুবেলের ধীরগতির বোলিংও কিন্তু খুব স্বস্তিতে খেলতে পারেননি ব্যাটসম্যানরা। ৩ ওভারে ১৯ রান দিয়েছেন, বাউন্সারে কট বিহাইন্ড করেছেন ফরহাদ রেজাকে। চোটটা রুবেল প্রথম পেয়েছিলেন গত ডিসেম্বরে, পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে। ফিল্ডিংয়ের সময় আঘাত পেয়েছিলেন কাঁধে। খুব গুরুতর কিছু মনে হয়নি তখন। ফেব্রুয়ারিতে বিপিএলে মাঠেও ফিরেছিলেন। কিন্তু বিপিএলের উদ্বোধনী ম্যাচে মাত্র ২ ওভার করার পরই আবার ছিটকে পড়েন। দুই দফা এমআরআই করানোর পর অস্ত্রোপচার করাতে হয় এপ্রিলে। এরপর দীর্ঘ পুনর্বাসন-প্রক্রিয়ার ধারাবাহিকতায় কাল নামলেন মাঠে। হতে পারে আপাত গুরুত্বহীন অনুশীলন ম্যাচ, কিন্তু ম্যাচ তো! এটাই আত্মবিশ্বাস জোগাচ্ছে রুবেলকে, ‘বিশ্বকাপের মতো বড় একটা টুর্নামেন্ট খেলতে পারছি না বলে খুব খারাপ লাগছিল। তবে অবশেষে মাঠে নামতে পারলাম, এটাই বড় কথা। অনেক ভালো লাগছে। ফিজিও-ডাক্তারের পরামর্শ অনুযায়ীই খুব জোর দিইনি। কোনো সমস্যাও অনুভব করিনি।’চোট ফাস্ট বোলারদের নিত্যসঙ্গী। তবে তিন বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে এই প্রথম বড় কোনো চোট পেলেন রুবেল। অভিজ্ঞতাটা ভয়াবহ কষ্টের, ‘মাঠের বাইরে থাকাটাই সবচেয়ে বেশি কষ্টের। একজন খেলোয়াড় মাঠের বাইরে বসে থাকলে কি ভালো লাগে! রিহ্যাবটাও খুব কষ্টকর। তবে আমি কষ্ট করে যাচ্ছি। যত তাড়াতাড়ি সম্ভব দলে ফিরতে চাই।’ আপাতত জিমেই বেশি সময় কাটাচ্ছেন। কাঁধের ব্যায়ামগুলো বেশি বেশি করছেন। আশা করছেন, ১০-১৫ দিনের মধ্যেই নিজের শতভাগ উজাড় করে বোলিং করতে পারবেন। চোখ এখন নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটায়। বাংলাদেশও সেই প্রার্থনাই করছে। টেস্ট ক্রিকেটে যে দলে রুবেলের কোনো বিকল্পই নেই এখন!