রুবেলের বিলম্বিত হ্যাটট্রিক-আনন্দ

হ্যাটট্রিক করে বুঝতে না পারলেও পরশু মাঠেই তাঁকে সেটা মনে করিয়ে দিয়েছিলেন জীবন মেন্ডিস। কিন্তু রুবেল হোসেনের দুর্ভাগ্য। হ্যাটট্রিক করে নিজে তো বুঝতে পারেনইনি, সতীর্থ কোনো খেলোয়াড় বা টিম ম্যানেজমেন্টের কেউই খেয়াল করলেন না সেটা! হ্যাটট্রিকের তাজা আনন্দ তাই পাওয়া হলো না এই পেসারের।
রুবেল হ্যাটট্রিকটি করেছেন বিকেএসপিতে গত পরশু ব্রাদার্স-গাজী ট্যাংক ম্যাচে। ব্রাদার্সের ইনিংসের ৪৮তম ওভারের শেষ বলে মোহাম্মদ সোহরাওয়ার্দীকে বোল্ড করার পর নিজের পরের ওভারের প্রথম দুই বলে রুবেল পর পর ফেরান মেহরাব হোসেন জুনিয়র ও আহসানুল হককে। দুই ওভার মিলিয়ে বলেই হয়তো হ্যাটট্রিক করেছেন, এটি বুঝতেই পারেননি। মাঠে উপস্থিত সাংবাদিকেরাও এটি খেয়াল করেননি। পত্রপত্রিকায় রুবেলের ছবি ছাপা হলো তাই কেবলই ৫ উইকেট পাওয়াতে, ‘হ্যাটট্রিকম্যান’ হিসেবে নয়।
কাল টেলিফোনে ‘আপনি তো হ্যাটট্রিক করেছেন’ মনে করিয়ে দেওয়ার পর রুবেলও যেন একটু বিব্রত, ‘হ্যাঁ...তাই তো দেখলাম পরে।’ মাঠ থেকে ফেরার পর রাতেই নাকি প্রথম বুঝতে পারেন যে ওটা হ্যাটট্রিক ছিল, ‘রাতে যখন ম্যাচে নিজের উইকেটগুলোর কথা চিন্তা করছিলাম, তখনই মনে হলো, আরে, ওটা তো হ্যাটট্রিক! কিন্তু মাঠে আমি এটা খেয়ালই করিনি। দলের অন্য কেউও সেটা বলেনি আমাকে।’ তবে দেরিতে হলেও জীবনের প্রথম হ্যাটট্রিক করার আনন্দটা ঠিকই ছুঁয়ে যাচ্ছে তাঁকে, ‘কোনো পর্যায়ের ক্রিকেটেই এর আগে আমি হ্যাটট্রিক করিনি। এটাই আমার প্রথম হ্যাটট্রিক। রাতে যখন মনে হলো, আমি তো হ্যাটট্রিক করেছি, আসলেই খুব ভালো লাগছিল।’