রুবেলের হ্যাটট্রিক-আলোয় উজ্জ্বল জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হ্যাটট্রিক আনন্দ। পরপর তিন বলে তিন উইকেট। ওয়ানডের ৩৪তম এবং বাংলাদেশের পক্ষে তৃতীয় ওয়ানডে হ্যাটট্রিক করে রুবেল হোসেনের উচ্ছ্বাস বাঁধ তো না মানারই কথা। ছবি: শামসুল হক
হ্যাটট্রিক আনন্দ। পরপর তিন বলে তিন উইকেট। ওয়ানডের ৩৪তম এবং বাংলাদেশের পক্ষে তৃতীয় ওয়ানডে হ্যাটট্রিক করে রুবেল হোসেনের উচ্ছ্বাস বাঁধ তো না মানারই কথা। ছবি: শামসুল হক

২০১০-ই কি তাহলে ফিরে আসছে আবার! ‘বাংলাওয়াশের’ সেই সিরিজের প্রথম ম্যাচেও হানা দিয়েছিল বৃষ্টি। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে বাংলাদেশ ম্যাচটা জিতেছিল ৯ রানে। কাল নিউজিল্যান্ডের বিপক্ষে আরেকটি হোম সিরিজের প্রথম ম্যাচটাও বৃষ্টিতে ভিজে গেছে এবং এই ম্যাচেও বাংলাদেশ জিতেছে ৪৩ রানে। ইতিহাস ফিরিয়ে আনার আশা তো করাই যায়।
ম্যাচের আগের দিন তত্ত্ব-টত্ত্ব সবই ছিল শিশির নিয়ে। শিশিরভেজা সন্ধ্যায় পরে বল করাটা কত কঠিন, সেটাই ব্যাখ্যা করে বুঝিয়েছিলেন দুই অধিনায়ক। কিন্তু কাল শিশিরের চেয়েও বড় সমস্যা এসে হাজির। নিউজিল্যান্ড ইনিংসের ২০ ওভার শেষে নামা বৃষ্টি ঝরল মিনিট পঁয়ত্রিশের মতো। ওই সময়ে খেলা শেষ হলেও বাংলাদেশ জিতে যেত ম্যাচটা। বৃষ্টি আইনে জিততে হলে ২০ ওভার শেষে ১০৮ রান দরকার ছিল নিউজিল্যান্ডের। কিন্তু স্কোরবোর্ডে তখন ৩ উইকেটে ৮২।
খেলা তখনই বন্ধ না হলেও অবশ্য ১৯ বল বাকি থাকতেই জিতেছে বাংলাদেশ। প্রায় পৌনে দুই ঘণ্টা পর খেলা শুরু হলে নিউজিল্যান্ডের নতুন লক্ষ্য দাঁড়ায় ৩৩ ওভারে ২০৬। অর্থাৎ, নতুন করে শুরু হওয়ার পর ১৩ ওভারে করতে হবে ১২৪, ওভারপ্রতি রান সাড়ে ৯-এরও বেশি। এলিয়ট-অ্যান্ডারসন মিলে শুরুটা করলেন ঝোড়ো। মাহমুদউল্লাহর করা ২২তম ওভারেই অ্যান্ডারসন লং অনের ওপর দিয়ে হাঁকালেন দুই ছক্কা। সোহাগ গাজীর পরের ওভারে এলিয়টের দুই বাউন্ডারি আর শেষ বলে ডিপ মিড উইকেট দিয়ে অ্যান্ডারসনের ছক্কায় এল ১৭ রান। রান ও বলের পার্থক্য কিছুটা কমে তখন কিউইদের জয়ের জন্য দরকার ৬০ বলে ৮৬ রান।
কে জানত, রুবেল হোসেনের চমক তখনো বাকি! বৃষ্টির আগেই এক উইকেট নেওয়া রুবেল বৃষ্টির পর নিজের প্রথম ওভারেই করে ফেললেন হ্যাটট্রিক। ওভারের তৃতীয় বলে অ্যান্ডারসন বোল্ড, পরের বলে নতুন ব্যাটসম্যান ম্যাককালাম কিছু বুঝে ওঠার আগেই ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দিলেন বদলি ফিল্ডার শামসুর রহমানের হাতে। হ্যাটট্রিক বলটা প্রায় ওয়াইডই করে ফেলেছিলেন রুবেল। কিন্তু গ্ল্যান্স করতে যাওয়া নিশামের গ্লাভস ছুঁয়ে যাওয়া বল ঝাঁপিয়ে পড়ে গ্লাভসবন্দী করলেন উইকেটকিপার মুশফিক। কিছুদিন আগে প্রিমিয়ার লিগে হ্যাটট্রিক করেও সেটার আনন্দ টের পেয়েছিলেন এক দিন পর। সেই আক্ষেপ থেকেই কিনা রুবেল কাল আন্তর্জাতিক ক্রিকেটের বড় মঞ্চেই করে নিলেন নিজের প্রথম হ্যাটট্রিকটা! ওয়ানডেতে বাংলাদেশের হয়ে এই গৌরব আছে আর মাত্র দুজনের—শাহাদাত হোসেন ও আবদুর রাজ্জাকের।

১২১ রানে ৬ উইকেট হারিয়ে ম্যাচটা নিউজিল্যান্ডের হাতছাড়া হয়ে গিয়েছিল সেখানেই। কিন্তু রুবেল অত তাড়াতাড়ি ছাড়বেন কেন? মাঝে এক ওভার বিরতি দিয়ে আবারও আঘাত আনলেন। এবারের শিকার নাথান ম্যাককালাম। মিড অফে মাশরাফির হাতে ক্যাচ দিয়ে রুবেলের পঞ্চম শিকার তিনি। টেস্টে একবার পাঁচ উইকেট পাওয়ার কৃতিত্ব থাকলেও ওয়ানডেতে সেটা পেলেন এই প্রথম। এরপর এলিয়টকেও ফিরিয়ে উইকেটের সংখ্যাটা নিয়ে গেলেন ছয়ে। ৫.৫-০-২৬-৬—রুবেল ছুঁয়ে ফেলেছেন কেনিয়ার বিপক্ষে বাংলাদেশের হয়ে সেরা বোলিং করা মাশরাফিকেও।
ম্যাচ না জিতলেও টসে জেতায় পরে বল করার ইচ্ছা পূরণ হয়েছে নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের। ২৫ রানে বাংলাদেশের ৩ উইকেট নিয়ে বোলাররা শুরুটাও করেছিলেন দারুণ। এমন নড়বড়ে শুরুর পর সাকিববিহীন বাংলাদেশের ধসে পড়াটাই হতো স্বাভাবিক। কিন্তু অধিনায়ক মুশফিকুর রহিমের সঙ্গে নাঈম ইসলাম এতটাই বুক চিতিয়ে দাঁড়িয়ে গেলেন যে, শেষ পর্যন্ত নিউজিল্যান্ডের সামনে দাঁড় করানো গেছে ২৬৬ রানের টার্গেট।
দলের ২৫ রানে এনামুলের বিদায়ের পর চতুর্থ উইকেটে নাঈমের সঙ্গে মুশফিকের ১৫৪ রানের জুটিতেই ঘুরে যায় বাংলাদেশের ইনিংস। নাথান ম্যাককালামের বলে স্লগ সুইপে আর এলিয়টের স্লোয়ারকে ফুলটস বানিয়ে স্কয়ার লেগ দিয়ে মেরেছেন দুই ছক্কা। সঙ্গে আরও ৮টি বাউন্ডারিতে ৯৮ বলে ৯০ রান মুশফিকের। মাত্র ১০ রানের জন্য সেঞ্চুরিটা হলো না নিশামের বলে কট বিহাইন্ড হয়ে। ওয়ানডেতে নার্ভাস নাইনটিতে এর আগে একবারই আউট হয়েছেন মুশফিক। ২০০৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়েতে ৯৮ রানের সেই ইনিংসের দুই বছর পর অবশ্য হারারেতে পেয়ে যান নিজের প্রথম ওয়ানডে সেঞ্চুরিটা। দুর্ভাগ্য, দ্বিতীয় সেঞ্চুরিটা কাল আসি আসি করেও এল না।
সেঞ্চুরি করতে পারতেন এক ডজন বাউন্ডারিতে ১১৫ বলে ৮৪ রান করা নাঈমও। ব্যক্তিগত রানই শুধু নয়, মুশফিক চলে যাওয়ার পর অনেকটা সময় বাংলাদেশের ইনিংস একাই টেনে নিয়ে গেছেন নাঈম। সাউদির বলে কট বিহাইন্ড হওয়ার আগে ষষ্ঠ উইকেটে মাহমুদউল্লাহর সঙ্গে ৫১ রানের জুটিটাও জয়ের মতো রান এনে দেওয়ার একটা অনুঘটক।
তবে নাঈম-মুশফিকের অমন ব্যাটিংয়ের পরও ম্যান অব দ্য ম্যাচ রুবেলই। আরেকটি ‘বাংলাওয়াশের’ স্বপ্নটাকে রঙিন করছে এই ঘটনাও। রুবেল ম্যান অব দ্য ম্যাচ হওয়ায় ২০১০-এর সিরিজ যেখানে শেষ হয়েছিল, এবার শুরু হলো সেখান থেকেই। সর্বশেষ সিরিজের শেষ ম্যাচেও যে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন রুবেলই!

বাংলাদেশ: ৪৯.৫ ওভারে ২৬৫ নিউজিল্যান্ড: ২৯.৫ ওভারে ১৬২ ফল: বাংলাদেশ ৪৩ রানে জয়ী (ডি/এল