রুমানাদের বড় জয়
ব্যাটিং ব্যর্থতায় ভারতের বিপক্ষে সর্বনিম্ন রানের লজ্জা সঙ্গী হয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দলের। দুর্বল থাইল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে জিতলেও ব্যাটিংটা দীনহীনই দেখাচ্ছিল। গতকাল ব্যাংককে এশিয়া কাপ টি–টোয়েন্টিতে নেপালের বিপক্ষে ব্যাটাররা খুঁজে পেলেন নিজেদের। ২০ ওভারে তুলে ফেললেন ৪ উইকেটে ১৩৩ রান। এরপর বোলাররা নেপালকে গুঁড়িয়ে দিলেন মাত্র ৪১ রানে। বাংলাদেশ পেল ৯২ রানের বড় জয়।
ওপেনিংয়ে সানজিদা ও নিগার সুলতানার ৭১ রানের জুটি গড়ে দিয়েছিল বড় সংগ্রহের ভিত। নিগার করেন সর্বোচ্চ ৩৯, সানজিদা ৩৫। শায়লা শারমিনের ১৭ বলে ১৯ আর অধিনায়ক রুমানা আহমেদের ৯ বলে ১৭ রান শেষ দিকে রানরেট বাড়ানোর কাজটা করেছে। বোলিংয়ে সফলতম লেগ স্পিনার ফাহিমা খাতুন। মাত্র ৮ রানে তুলে নিয়েছেন ৪ উইকেট। ২ রানে ২ উইকেট নাহিদা আকতারের। বাকি ৪টি উইকেট নিয়েছেন সুরাইয়া, রুমানা, জাহানারা ও পান্না।
বাংলাদেশের ম্যাচ বাকি ২টি। ফাইনালে ওঠার স্বপ্ন বাঁচিয়ে রাখতে আজ পাকিস্তানের বিপক্ষে জিততেই হবে। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের শেষ ম্যাচটি হবে আগামী ৩ ডিসেম্বর।
তিন ম্যাচে সমান ৪ পয়েন্ট পেলেও নেট রান রেটে বাংলাদেশ দুইয়ে ও পাকিস্তান আছে তিনে। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে ভারত।