রুশ আধিপত্যে আইরিশ বাগড়া
হাঁটা প্রতিযোগিতায় চলছিল রাশিয়ান আধিপত্য। কাল বেরসিকের মতো মাঝখানে এসে উদয় হলেন আয়ারল্যান্ডের রবার্ট হ্যাফারনান। পুরুষদের ৫০ কিলোমিটার হাঁটায় সোনা জিতেছেন এই অ্যাথলেট।অনেক দিন ধরেই এ মুহূর্তটির জন্য অপেক্ষা করেছেন হ্যাফারনান। ২০১১ সালে মা মারা যাওয়ার পর সেবারের প্রতিযোগিতা থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। অলিম্পিকে ফিরেছিলেন, কিন্তু বলার মতো কিছু করতে পারেননি। চতুর্থ হয়েই সন্তুষ্ট থাকতে হয় লন্ডনে। পরে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেও সেই ব্যর্থতার পুনরাবৃত্তি। অবশেষে মস্কোতে এসে ঘোচাতে পারলেন আক্ষেপ। চমকে দিয়েছেন যুক্তরাষ্ট্রের লশন মেরিটও। তাঁর কাহিনিটাও নাটকীয়। ডোপ পাপে ২১ মাস নিষিদ্ধ হয়েছিলেন। আদালতে লড়ে পেয়েছিলেন অলিম্পিকে দৌড়ানোর ছাড়পত্র। কিন্তু চোটের কারণে লন্ডন অলিম্পিকটা শেষ পর্যন্ত হয়ে ছিল নিখাদ হতাশাই। গত পরশু ৪০০ মিটারে জিতে সেটা ভুললেন মেরিট। এই বছরের সবচেয়ে দ্রুত টাইমিং (৪৩.৭৪ সেকেন্ড) গড়ে পেছনে ফেলেছেন অলিম্পিক চ্যাম্পিয়ন কিরানি জেমসকে। জেমস অবশ্য পদক জেতা দূরে থাক, ধুঁকতে ধুঁকতে দৌড় শেষ করেছেন সপ্তম হয়ে। রুপা জিতেছেন যুক্তরাষ্ট্রের টনি ম্যাকয় (৪৪.৪০ সেকেন্ড)। ৪৪.৫২ সেকেন্ড নিয়ে ব্রোঞ্জ জিতেছেন ডমিনিকান রিপাবলিকের লুকেলিন সান্তোস।৮০০ মিটার দৌড়টা অবশ্য আগেই রং হারিয়েছিল শুরুর আগেই অলিম্পিকজয়ী ডেভিড রুডিশা নাম প্রত্যাহার করে নেওয়ায়। সুযোগটা দুহাত ভরে নিয়েছেন ইথিওপিয়ার মোহাম্মেদ আমান। প্রথম ইথিওপিয়ান হিসেবে জিতেছেন বিশ্ব চ্যাম্পিয়নশিপের ৮০০ মিটার। আমানের (১ মিনিট ৪৩.৩১ সেকেন্ড) ঠিক পেছনেই দৌড় শেষ করেছেন যুক্তরাষ্ট্রের নিক সাইমন্ডস (১ মিনিট ৪৩.৫৫ সেকেন্ড)। ব্রোঞ্জ জিতে ১৯৯১ সালের পর জিবুতিকে প্রথম পদক এনে দিয়েছেন আয়ানলেহ সুলেইমান (১ মিনিট ৪৩.৭৬ সেকেন্ড)।মেয়েদের হেপ্টাথলনে সোনা জিতেছেন ইউক্রেনের গান্না মেলিচেঙ্কো। তবে রুপা জিতেই ইতিহাসে ঢুকে গেছেন কানাডার ব্রিয়ানি থেইসেন ইটন। স্বামী অ্যাশটন ইটন ডেকাথেলনে সোনা জিতেছেন আগেই। স্ত্রীও পদক জেতায় কোনো বড় প্রতিযোগিতায় পদকজয়ী প্রথম দম্পতি হয়ে গেলেন তাঁরা। রয়টার্স।