রুশ ও কেনিয়ানদের নিয়ে কড়াকড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডোপ নেওয়ার অভিযোগে রুশ অ্যাথলেটদের নিষিদ্ধ করেছে বিশ্ব অ্যাথলেটিকসের নিয়ন্ত্রক সংস্থা আইএএএফ। এবার দেশটির অন্য ক্রীড়াবিদেরাও হুঁশিয়ারি শুনলেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) কাছ থেকে। শুধু রাশিয়াই নয়, আইওসি সাবধান করেছে কেনিয়াকেও। কঠোর ব্যক্তিগত মূল্যায়নের পরই দেশ দুটির ক্রীড়াবিদদের রিও অলিম্পিকে অংশ নেওয়ার অনুমতি দেবে আইওসি। আইওসির বিশেষ সভা শেষেই সংস্থাটির প্রেসিডেন্ট টমাস বাখ কাল এই হুঁশিয়ারি দিয়েছেন।
দেশ দুটির ডোপবিরোধী সংস্থার কার্যক্রমে আস্থাহীনতা থেকেই আইওসির এই সিদ্ধান্ত। ওই দুই সংস্থার ‘নির্দোষ’ ছাড়পত্র নিয়েই প্রশ্ন তুলেছেন অলিম্পিক কমিটির প্রধান, ‘ওদের দেওয়া ছাড়পত্র নিয়ে ঘোরতর সন্দেহ আছে।’
অলিম্পিক থেকে রাশিয়ার পুরো অ্যাথলেটিকস দলকে নিষিদ্ধ করার আইএএফের সিদ্ধান্ত সমর্থন করেছেন বাখ। তবে রুশ অ্যাথলেটদের আশার বাণীও শুনিয়েছেন অলিম্পিক প্রধান। বলেছেন, যেসব রুশ অ্যাথলেটকে আইএএএফ অনুমতি দেবে কিংবা আন্তর্জাতিক ক্রীড়া আদালত নির্দোষ ঘোষণা করবেন, তাঁরা অলিম্পিকে অংশ নিতে পারবেন। রুশ অ্যাথলেটরা স্বতন্ত্র পতাকা নিয়ে খেলবেন এমন ধারণাও উড়িয়ে দিয়েছেন বাখ।
অ্যাথলেটদের নিষেধাজ্ঞার বিরুদ্ধে রাশিয়ান অলিম্পিক কমিটি (আরওসি) আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে। আরওসির প্রধান আলেক্সান্ডার ঝুকভ কাল বলেছেন, রাশিয়ার নির্দোষ অ্যাথলেটরা ক্রীড়া আদালতে যাবেন। রয়টার্স।