অভিবাসীরা তো ছিলই, দেশ থেকেও এসেছিল হাজারো রুশ। প্রায় ৩০ হাজার রুশ সমর্থক ওয়ারশর জাতীয় স্টেডিয়ামকে বানিয়ে ফেলেছিল এক টুকরো রাশিয়া। আর গ্রিকরা টেনেটুনে হাজার চারেক। ম্যাচ শেষে ওই চার হাজার দর্শকের চিৎকারেই প্রকম্পিত চারধার। গ্রিসের ফুটবলার আর সাপোর্ট স্টাফের সবাই সমর্থকদের কাছাকাছি গিয়ে মাতলেন বাঁধভাঙা উৎসবে। প্রায় হাজার মাইল দূরে, দৈনন্দিন হাজারো সমস্যা ভুলে উৎসবে উন্মাতাল তখন গোটা গ্রিস। কথা রেখেছেন গিওর্গস কারাগুনিস!গ্রিক অধিনায়ক তাঁর কথা রেখে দেশবাসীকে উপহার দিয়েছেন জয়। নানা রাজনৈতিক টানাপোড়েন, আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে শঙ্কা, ভয়াবহ অর্থনৈতিক মন্দা—সবমিলিয়ে বিপর্যস্ত দেশবাসীকে অন্তত কিছু সময়ের জন্য হলেও স্বস্তি দেওয়ার প্রত্যয় নিয়ে ইউরোতে এসেছিল গ্রিস ফুটবল দল। হয়েছিল উল্টো, প্রথম ২ ম্যাচে ১ পয়েন্ট পেয়ে হাজারো সমস্যার সঙ্গে যোগ হয়েছিল ফুটবল-ব্যর্থতা। এক রাতেই মুছে গেল আগের দুই ম্যাচের ব্যর্থতা। কারাগুনিসের গোলে পরশু রাশিয়াকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে গ্রিস!গ্রিক উৎসবের রাত রুশদের জন্য শুধুই ট্র্যাজেডির। এই তো, কদিন আগেই কোচ ডিক অ্যাডভোকাত বলেছিলেন ‘টুর্নামেন্টের সেরা দল রাশিয়া।’ দ্বিমত করার লোকও খুব একটা ছিল না, গতিময় নান্দনিক ফুটবলে মন ভরিয়ে দিয়েছিল রাশিয়া প্রথম দুই ম্যাচে। কিন্তু একটা হারে শেষ হয়ে গেল আগের সব অর্জন। সমান ৪ পয়েন্ট নিয়েও রাশিয়া ছিটকে গেল গ্রিসের কাছে মুখোমুখি লড়াইয়ে হেরে। নিয়তির কী পরিহাস, প্রথম ম্যাচে যে দলকে ৪-১ গোলে হারিয়েছিল রুশরা, সেই চেক প্রজাতন্ত্রই ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন!ম্যাচের ৬২ শতাংশ সময় বল রুশদের দখলে, গোলে গ্রিকদের ৫ শটের বিপরীতে রুশদের ২৫ শট—এই পরিসংখ্যানের মূল্য এখন সামান্যই। প্রথম ২ ম্যাচে অনুজ্জ্বল গ্রিক ডিফেন্সের বীরত্বই বরং গড়ে দিয়েছে ম্যাচের ভাগ্য। রুশদের সব আক্রমণ মাথা কুটে মরেছে গ্রিক ডিফেন্সে। আক্রমণ রুখতে রুখতেই গ্রিকরা হেনেছে মারণ শেল। প্রথমার্ধের অতিরিক্ত সময়ের থ্রো-ইন থেকে বল পেয়ে তীব্র শটে বল জালে জড়ান কারাগুনিস। ওই গোল নিশ্চিতভাবেই ভড়কে দিয়েছিল রুশদের। আক্রমণে উঠে খেই হারিয়ে ফেলছিল বারবার, দূর থেকেই নিয়েছে উল্টো-পাল্টা শট। গোলে ২৫ শটের মাত্র ১০টি-ই ছিল তাই লক্ষ্যে! ম্যাচ শেষে রাশিয়ার ডাচ কোচের কণ্ঠে সেই হতাশা, ‘প্রথমার্ধে আমরা দুর্দান্ত খেলেছি। ওই গোলটাই সব পাল্টে দিল। আমরা শুধু আক্রমণ করেছি, অন্য দল শুধু রক্ষণ। কিন্তু ওরা নিজেদের কাজ সফলভাবে করেছে, আমরা পারিনি।’ গ্রিসের জয়ের নেপথ্য নায়ক পর্তুগিজ কোচ ফার্নান্দো সান্তোস জানালেন নেপথ্য কারণ, ‘ম্যাচের ভাগ্য নির্ধারণ করেছে মনঃসংযোগ। আমরা খেয়াল করেছিলাম, রুশরা জায়গা নিয়ে খেলতে পছন্দ করে। আমরা ওদের এই সুযোগ দিইনি, সব সময় চাপে রেখেছি। ওদের শক্তির জায়গাটা আটকে দিয়েছি দৃঢ়প্রতিজ্ঞায়।’দেশের হয়ে সর্বোচ্চ ম্যাচ (১২০) খেলার রেকর্ড ছোঁয়া ম্যাচটি স্মরণীয় করে রাখলেন কারাগুনিস। তবে দলকে কোয়ার্টার ফাইনালে তুলেও নায়ক ওই ম্যাচটি খেলতে পারবেন না দুই হলুদ কার্ডের খাঁড়ায়। এ নিয়ে আক্ষেপ আছে কারাগুনিসের, পরশুর হলুদ কার্ড প্রাপ্য ছিল না দাবি করে কামনা করেছেন উয়েফার হস্তক্ষেপ। তবে প্রাপ্তির আনন্দটাকে কিন্তু আক্ষেপে পুড়তে দেননি, ‘আমরা প্রতিজ্ঞা করেছিলাম আজ (পরশু) এথেন্সে ফিরব না। প্রতিজ্ঞা রক্ষা করেছি। জাদুকরি এক মুহূর্ত এটা, সব গ্রিকের জন্যই। এখন শুধু উৎসবের সময়।’ এএফপি, রয়টার্স।