রুশ বিপ্লবের পদধ্বনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার কি রুশ বিপ্লব দেখবে ইউরোপা লিগ? শেষ ৩২-এর প্রথম লেগে রাশিয়ান ক্লাবগুলোর দাপুটে জয় সেটিরই যেন ইঙ্গিত দিয়ে রাখল। জেনিত সেন্ট পিটার্সবার্গ, আনঝি মাখাচকালা ও রুবিন কাজান—তিন রুশ ক্লাবই জিতেছে পরশু। স্যামুয়েল ইতোর আনঝি ৩-১ গোলে হারিয়েছে জার্মানির হ্যানোভারকে। হাল্ক ও সেমাকের ২ গোলে নিজেদের মাঠে লিভারপুলকে হারিয়েছে জেনিত। এই দুই ক্লাবই জিতেছে নিজেদের মাঠে। জেনিতের কাছে পাঁচবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন লিভারপুলের হারটাকে এখন আর অঘটন বলা যায় কি না, তা নিয়ে সংশয় আছে। তবে রুবিন কাজানের কাছে বর্তমান চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদের ০-২ গোলের হারটাই পরশু রাতের সবচেয়ে বড় অঘটন। কাজান আবার স্প্যানিশ ক্লাবটিকে হারিয়েছে মাদ্রিদে গিয়েই।লিভারপুল হেরেছে, ইউক্রেনের মেটালিস্ট খারকিভের সঙ্গে ড্র করেছে নিউক্যাসল। তবে কষ্টেসৃষ্টে হলেও জিতেছে অন্য দুই ইংলিশ ক্লাব চেলসি ও টটেনহাম। চ্যাম্পিয়নস লিগ থেকে ইউরোপা লিগে অবনমিত চেলসি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড অস্কারের একমাত্র গোলে হারিয়েছে স্পার্তাক প্রাগকে। প্রাগে হওয়া ম্যাচটির নিষ্পত্তি হয়েছে ৮২ মিনিটের গোলে। গ্যারেথ বেলের দুটি অসাধারণ ফ্রি-কিকের গোলে টটেনহাম হারিয়েছে (২-১) ফ্রান্সের লিওঁকে। জিতেছে ইতালিয়ান দৈত্য ইন্টার মিলানও। আর্জেন্টাইন ফরোয়ার্ড প্যালাসিওর ২ গোলে রোমানিয়ার সিএফআর ক্লুজকে হারিয়েছে নেরাজ্জুরিরা। নাপোলি অবশ্য ০-৩ গোলে হেরে গেছে চেক ক্লাব ভিক্টোরিয়া প্লজেনের বিপক্ষে। দ্বিতীয় লেগের ম্যাচগুলো হবে ২১ ফেব্রুয়ারি। এএফপি, রয়টার্স।