রুশ-বিস্ময় জাগোয়েভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলান জাগোয়েভের নাম কারও তালিকাতেই ছিল না নিশ্চিত। নাম থাকা তো বহুদূর, তাঁকে চিনতই বা কজন! সর্বোচ্চ তিন গোল করে সেই তিনিই এখন গোল্ডেন বুটের লড়াইয়ে সবচেয়ে এগিয়ে। এখন পর্যন্ত এবারের ইউরোর সবচেয়ে বড় বিস্ময়ের নাম জাগোয়েভ।অথচ তাঁর ইউরো খেলাটাই এক বড় বিস্ময়। মার্চের শেষ দিকে সিএসকেএ মস্কোর হয়ে এক ম্যাচে চিড় ধরেছিল পায়ের পাতায়। ইউরো শেষ—বলেই ধরে নেওয়া হয়েছিল তখন। কিন্তু দ্রুত চোট সারিয়ে নাটকীয়ভাবে জায়গা পেলেন দলে। সেই তিনিই মাতাচ্ছেন ইউরো। প্রথম ম্যাচে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে দুটি, পরশু পোল্যান্ডের বিপক্ষে একটি—দুই ম্যাচে করে ফেলেছেন তিন গোল। শুধু গোলসংখ্যাই নয়, নজর কেড়েছেন গতি আর স্কিল দিয়েও। ফুটবল-বিশ্ব হয়তো তাঁর প্রতিভার প্রমাণ পাচ্ছে প্রথম, রাশিয়ায় কিন্তু তিনি দারুণ জনপ্রিয়। রুশ ফুটবলের পরবর্তী ‘বড় কিছু’ মনে করা হচ্ছে তাঁকে অনেক দিন থেকেই। এই ২১ বছর বয়সেই সিএসকেএ মস্কোর সবচেয়ে বড় তারকা জাগোয়েভ, ক্লাবের ১০ নম্বর জার্সিটাও শোভা যায় এই অ্যাটাকিং মিডফিল্ডারের গায়ে!ছেলেবেলায় বেসলানের রাস্তায় তিন বছরের বড় ভাই গেলা জাগোয়েভের সঙ্গে মনের আনন্দে খেলে বেড়াতেন ফুটবল। ফুটবলপাগল মা লিয়ানা দুই ভাইকে নিয়ে যান তেরেক বেসলান যুব দলে। ফুটবলের প্রাতিষ্ঠানিক শিক্ষার শুরু এখান থেকেই। প্রতিভা, ইচ্ছাশক্তি আর পরিশ্রম মিলিয়ে এরপর এগিয়ে গেছেন তরতর করে। ১৬ বছর বয়সে সুযোগ পেয়ে যান রাশিয়ার দ্বিতীয় বিভাগের দল ক্রাইলিয়া সভিতোভে। দুই বছর পর সিএসকেএতে। রাশিয়ার শীর্ষ লিগে প্রথম বছরেই (২০০৮) জিতে নেন সেরা উদীয়মানের খেতাব। বিস্ময়করভাবে রাশিয়া জাতীয় দলেও সুযোগ পেয়ে যান ওই বছর। জার্মানির বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে অভিষেক হয়ে যায় রাশিয়ার কনিষ্ঠতম (১৮ বছর ১১৬ দিন) আউটফিল্ড খেলোয়াড় হিসেবে। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কার চোখে তিনি ‘নতুন বেকহাম’। আর রুশ সংবাদমাধ্যম তাঁর মাঝে খুঁজে পায় ফ্রাঙ্ক ল্যাম্পার্ডকে।দলে জায়গা পাকা করেছেন দ্রুতই। ইউরো বাছাইপর্বে করেছিলেন ৪ গোল, করিয়েছিলেন আরও বেশ কিছু। ইউরো তো বিশ্বতারকাই বানিয়ে দিল। অল্প বয়সে এত বড় সাফল্য কিন্তু মাথা ঘুরে যায়নি তাঁর। নিজেকে নিয়ে গর্ব নেই একটুও, বরং দল-অন্তঃপ্রাণ, ‘নিজের পরিসংখ্যান নিয়ে আমি ভাবি না। গুরুত্বপূর্ণ হলো দলের জয় এবং যেভাবে সেই জয় এল। আমার অর্জনকে দয়া করে বড় করে দেখাবেন না। আমি উচ্ছ্বাসে ভেসে যাচ্ছি না, সবকিছুর আগে দল।’ তাঁর একাডেমি দলের কোচ কিন্তু সেই ২০০৮ সালেই বলেছিলেন, ‘জাগোয়েভ খ্যাতি বা টাকার জন্য ফুটবল খেলে না, ফুটবল ওর জীবন। টাকা নয়, ও ছোটে জয়ের পেছনে।’সিএসকেএর সঙ্গে তাঁর চুক্তি আছে আর মাত্র চার মাস। ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনাল এর মধ্যেই পিছু নিয়েছে। এভাবে পা মাটিতে রাখতে পারলে বিশ্ব ফুটবল হয়তো পেতে যাচ্ছে আরেকজন মহাতারকা! ওয়েবসাইট।