রুশ হ্যাকারদের 'প্রতিশোধ'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিও অলিম্পিকের আগে রুশ অ্যাথলেটদের নিষিদ্ধ করা নিয়ে কিছুটা চাপান-উতোর ছিলই। বিশ্ব অ্যান্টিডোপিং এজেন্সির (ওয়াডা) সঙ্গে রাশিয়ার দ্বন্দ্বটা এবার বেড়ে যেতে পারে আরও। গত মঙ্গলবার ওয়াডা নিশ্চিত করেছে, রুশ হ্যাকাররা তাদের ডেটাবেইস হ্যাক করে যুক্তরাষ্ট্রের কয়েকজন অ্যাথলেটের চিকিৎসা-সম্পর্কিত তথ্য চুরি করে সেগুলো ইন্টারনেটে ছড়িয়ে দিয়েছে।
গত মাসেই ওয়াডার তথ্যভান্ডারে ইউলিয়া স্তেপানোভার ব্যক্তিগত ফাইলে হামলা চালায় হ্যাকাররা। রিও অলিম্পিকের আগে তোলপাড় ফেলে দেওয়া রাশিয়ার অ্যাথলেটিকসে ডোপ কেলেঙ্কারির সেই ঘটনা বিশ্বের সামনে তুলে ধরেছিলেন এই রুশ অ্যাথলেটই। এ নিয়ে জীবনের নিরাপত্তা নিয়েও শঙ্কায় ছিলেন ইউলিয়া। এ ঘটনার এক মাস পর আবারও হামলা ওয়াডার ডেটাবেইসে। এবার যুক্তরাষ্ট্রের চার অ্যাথলেট—রিওতে জিমন্যাস্টিকসে চারটি সোনাজয়ী সিমোন বাইলস, টেনিস তারকা সেরেনা ও ভেনাস উইলিয়ামস এবং বাস্কেটবল খেলোয়াড় এলেনা ডেলা ডোনের গোপন চিকিৎসা তথ্য হ্যাক করেছে রাশিয়ার যে গ্রুপটি, সেটির নাম ‘ফ্যান্সি বিয়ার’।
এর মধ্যে বাইলসের একটি তথ্য বেশ সাড়া ফেলেছে, ১৯ বছর বয়সী জিমন্যাস্ট নাকি ওয়াডার কাছ থেকে ‘থেরাপিজনিত ছাড়’ নিয়েছিলেন। যদিও ওয়াডার নিয়ম মেনে অ্যাথলেটরা এমন ছাড় নিতে পারেন। তবে তথ্যগুলো ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর বাইলস নিজেই ব্যাখ্যা দিয়েছেন টুইটারে, ‘আমার এডিএইচডি (শিশু বয়সে মনোযোগ ধরে রাখায় সমস্যা বা অশান্ত হয়ে পড়া) আছে, এবং সে জন্য আমি ছোটবেলা থেকেই ওষুধ নিচ্ছি। তবে জেনে রাখুন, আমি সব সময়ই খেলাধুলার স্বচ্ছতায় বিশ্বাস করি।’
হ্যাকিংয়ের ঘটনায় ওয়াডা রুশ হ্যাকারদের নিন্দা করেছে। রিও অলিম্পিকের জেরে স্বাভাবিকভাবেই অভিযোগের তির এবারও ছিল রুশ সরকারের দিকে। সংশয় ছিল তাঁরা প্রতিশোধ নিতে এমন কিছু করছেন কি না। তবে রাশিয়ার ক্রীড়ামন্ত্রী ভিতালি মুতকো সেটি উড়িয়ে দিয়েছেন। গত বুধবার উয়েফার সম্মেলনে মুতকো বলেন, ‘কীভাবে প্রমাণ করবেন এই হ্যাকাররা রাশিয়ার? কিছু হলেই তো আপনারা রাশিয়াকে দায়ী করেন। আমরা নিজেরাও শঙ্কিত, কারণ ওদের কাছে রুশ অ্যাথলেটদেরও তথ্য আছে। আমরাও এর শিকার হতে পারি।’
ক্রেমলিন অবশ্য গতকাল সাইবার অপরাধ দমনে ওয়াডাকে সব ধরনের সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছে। এএফপি, রয়টার্স।