রুসেফ খুশি, ফিফার হুঁশিয়ারি
বেলো হরিজন্তে ও ফোর্তালেজা স্টেডিয়াম দুটির উদ্বোধন হয়েছে আগেই। গত পরশু পর্দা উঠল আরও একটি নবনির্মিত স্টেডিয়ামের। খালি পায়ে বলে পা ছুঁইয়ে উত্তর-পূর্বের বাহিয়া রাজ্যের সালভেদরে ফন্তে নোভা অ্যারেনার উদ্বোধন করলেন ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফ। মানে ২০১৪ বিশ্বকাপের ১২টি স্টেডিয়ামের মধ্যে তিনটির কাজ শেষ। এই তিনটি স্টেডিয়াম আবার কনফেডারেশনস কাপেরও ভেন্যু। আগামী ১৫ জুন থেকে শুরু হচ্ছে বিশ্বকাপের মহড়া টুর্নামেন্ট কনফেডারেশনস কাপ। সেটি যতটা না বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর জন্য, তার চেয়েও বেশি স্বাগতিক দেশের সার্বিক প্রস্তুতি বিবেচনায়। বিশ্বকাপ অনুষ্ঠানের জন্য দেশটি কতটা প্রস্তুত, সেটা যাচাই করাই এই টুর্নামেন্টের প্রধান লক্ষ্য। তা কেমন এগোচ্ছে ব্রাজিলের প্রস্তুতি? আরেকটি স্টেডিয়াম উদ্বোধন করতে এসে ব্রাজিল প্রেসিডেন্ট রুসেফের কণ্ঠে ঝরল সন্তুষ্টিই। কিন্তু ফিফা মোটেও খুশি নয়। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি বরং ব্রাজিলের ধীরগতির প্রস্তুতি দেখে উদ্বিগ্ন। কারণটা যুক্তিসংগত। কনফেডারেশনস কাপের বাকি আর তিন মাস। অথচ ৬টি ভেন্যুর মাত্র তিনটির কাজ শেষ। বাকি তিনটি এখনো নির্মাণাধীন। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী এই তিনটি স্টেডিয়ামের উদ্বোধন করার কথা এ মাসেই। বিশ্বকাপ ফাইনালের ভেন্যু বিখ্যাত মারাকানা ২৭ এপ্রিল, রেসিফে ১৪ এপ্রিল এবং ব্রাসিলিয়া স্টেডিয়ামের উদ্বোধন হওয়ার কথা পরের সপ্তাহে। আয়োজকেরা তা পারবে কি না সেটা বলবে সময়। তবে কনফেডারেশনস কাপের প্রস্তুতির ঘাটতি মেনে নিলেও ফিফা মহাসচিব জেরম ভালকে স্পষ্টই জানিয়ে দিয়েছেন, বিশ্বকাপের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না। নির্মাণকাজ শেষ করার কথা ২০১৩ ডিসেম্বরের মধ্যে। ভালকে আয়োজকদের সতর্ক করে দিলেন, ‘আমি পুনরায় স্মরণ করিয়ে দিতে চাই, ফিফা বিশ্বকাপে প্রস্তুতির ঘাটতি মেনে নেওয়া সম্ভব নয়। এবং এটা দেশটির কেন্দ্রীয় সরকার এবং স্থানীয় আয়োজকদের জানিয়ে দেওয়াও হয়েছে।’ এএফপি।