রুহুনা রয়্যালসে আশরাফুল
এসএলপিএল যত শেষের দিকে যাচ্ছে, টুর্নামেন্টে বাংলাদেশের ক্রিকেটারের সংখ্যাও ততই বাড়ছে। মুশফিকুর রহিম, তামিম ইকবাল, নাসির হোসেন ও মাহমুদউল্লাহর পর এবার জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলও খেলবেন শ্রীলঙ্কার এই ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে।ব্ল্যাকহিথ ক্লাবের হয়ে কেন্ট লিগে খেলতে কয়েক মাস ধরেই ইংল্যান্ডে আশরাফুল। সেখানে বসেই ডাক পান এসএলপিএলের দল রুহুনা রয়্যালসের কাছ থেকে। এরপর কাল শ্রীলঙ্কার উদ্দেশে রওনাও দেন আশরাফুল। খেলবেন আগামীকাল ও তার পর দিনের ম্যাচ দুটি। বাসেনাহিরার বিপক্ষে কালকের ম্যাচে আশরাফুলের মুখোমুখি হবেন মাহমুদউল্লাহ। পরদিন খেলবেন তামিম ইকবালের ওয়াইয়াম্বার বিপক্ষে। রুহুনা রয়্যালস অবশ্য এখন পর্যন্ত চার ম্যাচের তিনটিতেই হেরেছে।বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে শ্রীলঙ্কার এই টুর্নামেন্টে খেলার কথা ছিল সাকিব আল হাসান আর ইলিয়াস সানিরও। কিন্তু বিশ্রাম নিতে শেষ পর্যন্ত উথুরা রুদ্রাসে খেলতে যাননি সাকিব। আর নাগেনাহিরা প্রথম ১৮ জনের তালিকায় রাখেনি ইলিয়াস সানিকে।