রূপকথার পর হতাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের মৌসুমে রূপকথা লিখে প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে লেস্টার সিটি। এই মৌসুমে চ্যাম্পিয়নস লিগে এখনো রূপকথা-রূপকথা ভাবটা ধরে রেখেছে ক্লদিও রানিয়েরির দল, কিন্তু লিগে যেন ছন্নছাড়া। মৌসুমে এখনো ১৩ ম্যাচ বাকি, তবে অবনমন শঙ্কাটা যেন পিছুই ছাড়ছে না মাহরেজ-ভার্ডিদের। রূপকথা লেখার ঠিক পরেই এমন হারিয়ে যাওয়ার গল্প অবশ্য শুধু ফুটবল নয়, সব ধরনের খেলায়ই আছে। এমন পাঁচটি গল্প—
বক্সিং: বুস্টার ডগলাস
১৯৯০ সালের ১১ ফেব্রুয়ারি টোকিওতে কী খেয়ে নেমেছিলেন জেমস বুস্টার ডগলাস, তা নিয়ে গবেষণা হতে পারে। যুক্তরাষ্ট্রের সাবেক এই বক্সারের ক্যারিয়ারের সবচেয়ে (হয়তো একমাত্রও) আলোচিত রাতই সেটি। কী করেছিলেন? কিংবদন্তি মার্কিন বক্সার মাইক টাইসনকে হারিয়ে জিতেছিলেন হেভিওয়েট শিরোপা! ওই ম্যাচের আগে পর্যন্ত অপরাজিত ছিলেন টাইসন। হার দূরের কথা, আগের তিন বছরে কোনো প্রতিদ্বন্দ্বী তাঁকে পঞ্চম রাউন্ড পর্যন্তও নিতে পারেননি। সেদিনও ডগলাসের বিপক্ষে টাইসনের ‘সহজ’ জয় নিয়ে এতটাই নিশ্চিত ছিলেন সবাই, লাস ভেগাসের ক্যাসিনো ‘দ্য মিরাজ’ ছাড়া আর কোনো প্রতিষ্ঠানই ম্যাচটি নিয়ে বাজি ধরতে রাজি হয়নি। ডগলাসকে নিয়ে মিরাজের বাজির দরও ছিল ১/৪২! কিন্তু অঘটন ঘটিয়ে ফেলেন ডগলাস, ধারাভাষ্যকার জিম ল্যাম্পলির ভাষায়, ‘হেভিওয়েট বক্সিংয়ের ইতিহাসে সবচেয়ে বড় অঘটন!’ তবে টোকিওর সেই জয়ের বছরখানেক পর হেভিওয়েট শিরোপা বাঁচানোর ম্যাচে তিন রাউন্ডের মধ্যেই ইভান্ডার হলিফিল্ডের কাছে হারেন ডগলাস। আর কখনো শিরোপা জিততে পারেননি।
ফুটবল: নুরেমবার্গ
১৯৬৮ সালে বুন্দেসলিগায় লেস্টারের মতো রূপকথা লেখে নুরেমবার্গও, সবাইকে চমকে দিয়ে শিরোপা জেতে ম্যাক্স মের্কেলের দল। তবে শিরোপা জিতলেও, দলের খেলোয়াড়দের ওপর ক্লদিও রানিয়েরির মতো ভরসা করেননি মের্কেল। সর্বোচ্চ স্কোরার ফ্রাঞ্জ ব্রাঙসসহ অনেককেই বিক্রি করে দিয়ে পরের মৌসুমে নিয়ে আসেন ১১ জন নতুন খেলোয়াড়। কিন্তু ফল হলো উল্টো! অবনমন শঙ্কার মুখে মৌসুম শেষ হওয়ার কয়েক ম্যাচ আগেই পত্রপাঠ বিদায় দেওয়া হয় কোচ মের্কেলকে, যদিও তাঁর বরখাস্ত হওয়ার পেছনে দলে অন্তঃকলহের কথা শোনা যায়। তবে মের্কেলকে বরখাস্ত করেও বিপর্যয় ঠেকানো যায়নি, মৌসুম শেষে অবনমিত হয় নুরেমবার্গ। এএফপি।
গলফ: ইয়ান বেকার-ফিঞ্চ
৩১ বছর বয়সে ১৯৯১ ব্রিটিশ ওপেন জেতেন ইয়ান বেকার-ফিঞ্চ। তখন সবার ধারণা ছিল, আরও অনেক কীর্তিগাথাই হয়তো লিখবেন অস্ট্রেলিয়ান গলফার। তখন কে জানত, সেটিই হয়ে থাকবে তাঁর ক্যারিয়ারের ‘কাঞ্চনজঙ্ঘা’, যেখান থেকে একটিই পথ আছে—নিচের দিকে! একটু কম প্রতিযোগিতামূলক অস্ট্রেলিয়ান ট্যুরে জিতেছিলেন ঠিকই, তবে পিজিএ বা বড় অন্য টুর্নামেন্টে খেলার সময় যেন কী হয়ে যেত তাঁর। সবচেয়ে খারাপ সময়টা এল ১৯৯৭ ব্রিটিশ ওপেনে। প্রথম রাউন্ডেই খেলেছিলেন ৯২ শট! এতটাই হতাশ হয়ে পড়েছিলেন বেকার-ফিঞ্চ, লকার রুমে গিয়ে কেঁদেই দিয়েছিলেন। এরপরই ঘোষণা করে দেন, টুর্নামেন্ট গলফ আর তাঁর জন্য নয়।
ঘোড়দৌড়: নর্টনস কয়েন
শুধু মানুষ নয়, অবলা ঘোড়াকেও যেতে হয়েছে ‘লেস্টার অভিজ্ঞতা’র মধ্য দিয়ে। ওয়েলসের এক দুগ্ধ খামারি সিরেল গ্রিফিথসের আস্তাবলে বেড়ে ওঠে নর্টনস কয়েন, যে আস্তাবলে ঘোড়াই ছিল শুধু দুটি। এই ঘোড়াটিই ১৯৯০ চেল্টেনহাম গোল্ডকাপ জিতে যায়! যেখানে তার জয়ের বিপক্ষে বাজির দর ছিল ১০০/১! তবে এরপর আর এমন চমক ধরে রাখতে পারেনি ঘোড়াটি, পরের ১৮ রেসে জেতে মাত্র একবার। এমনকি কিংবদন্তি জকি লেস্টার পিগটও ঘোড়াটির কাছ থেকে আর সেই ‘ম্যাজিক’ বের করে আনতে পারেননি।
ক্রিকেট: ইংল্যান্ড
আগস্টে একটি শেষ, আরেকটি শুরু নভেম্বরে—২০১৩ সাল মাত্র দুই মাসের ব্যবধানে দেখেছিল দুটি অ্যাশেজ। তবে ইংল্যান্ডের ক্রিকেটপ্রেমীরা স্মৃতি থেকে বছরের দ্বিতীয় অ্যাশেজটিকে মুছেই দিতে চাইবেন। জুলাইয়ে ঘরের মাটিতে অ্যাশেজে অস্ট্রেলিয়াকে ৩-০ ব্যবধানে হারিয়ে দিয়েছিল অ্যালিস্টার কুকের দল। সেই অস্ট্রেলিয়া দলটিকে বলাও হচ্ছিল ইংল্যান্ডে খেলতে আসা অস্ট্রেলিয়ার ইতিহাসের সবচেয়ে দুর্বল দল। কিন্তু মাত্র মাস দুয়েকের ব্যবধানেই দেখা দিল অন্য অস্ট্রেলিয়া। ঘরের মাটিতে ইংল্যান্ডকে করল ধবলধোলাই! ৫-০!