রূপকথার মতো সমাপ্তির অপেক্ষায়
চার বছর আগে শ্রীলঙ্কার প্রায় এই দলটাই ফাইনাল খেলেছে। একটাই পরিবর্তন, প্রতিপক্ষ হিসেবে আমাদের অস্ট্রেলিয়া নয়, তারা পাচ্ছে ভারতকে। আজ আমরা জানতে পারব, ভারত শ্রীলঙ্কাকে আবারও টানা দ্বিতীয়বারের মতো টুর্নামেন্টের দ্বিতীয় সেরা দল বানিয়ে রাখতে পারবে কি না। বিশ্বকাপ ফাইনাল যেকোনো খেলোয়াড়ের জন্যই হিরণ্ময় এক মুহূর্ত। অবশ্য নিজের আবেগটাকে এদিন বশে রাখা খুবই গুরুত্বপূর্ণ। মাঠে নামার সময় আবেগ-অনুভূতি সব বাইরে রেখে আসতে হবে।২০০৭ বিশ্বকাপের ফাইনালে ম্যাচসেরা হয়েছিলাম। আমার পরিকল্পনা কিন্তু ছিল খুবই সাধারণ। আমাদের মূল রণকৌশল ছিল তিনটি—লাসিথ ‘স্লিঙ্গার’ মালিঙ্গা যেন আমার ওপর চড়াও হতে না পারে, মুত্তিয়া মুরালিধরনের দুসরা সমঝে খেলা এবং ফিরতি স্পেলে আরও ভয়ংকর হয়ে আসা মালিঙ্গার রিভার্স সুইং অকার্যকর করে দেওয়া।মালিঙ্গা আগের চেয়ে এখন আরও অনেক পরিণত। পুরোনো বলে বেশ কবারই সে এই টুর্নামেন্টে ম্যাচের ভাগ্য পাল্টে দিয়েছে। আজ ভারতকেও ব্যাটিংয়ের সময় এই তিনটি বিষয় মাথায় রাখা উচিত। মুরালিধরনের ফিটনেস নিয়ে অবশ্য একটা সংশয় আছে। যদি সে নাও খেলে সেই শূন্যতা পূরণের জন্য কিন্তু হেরাথ ও অজন্তা মেন্ডিস থাকছে।গতবার আমার সেই দুর্দান্ত সেঞ্চুরির পেছনে স্কোয়াশ বল গ্লাভসের মধ্যে নিয়ে খেলা নিয়ে অনেক কথাই হয়েছে। আমি বরং মনে করি, এর চেয়েও বেশি আমাকে সাহায্য করেছিল খেলা শুরুর আগে খানিকক্ষণের বৃষ্টি। আমি ড্রেসিংরুমের পেছনের জিমে গিয়ে খানিকক্ষণ ঘুমিয়ে নিয়েছিলাম। ঘুম যখন ভাঙল, মাত্র ১৫ মিনিট সময় ছিল ব্যাট হাতে নেমে পড়ার জন্য। তড়িঘড়ি করে ব্যাট, প্যাড পরে আমাকে তৈরি হতে হয়েছিল।আমার পুরো ভাবনা ছিল সময়মতো তৈরি হওয়া নিয়েই। ফলে মাথা থেকে ‘ফাইনাল’ ব্যাপারটি সরে গিয়েছিল। স্নায়ু হয়ে গিয়েছিল শান্ত। মাঠে যখন নামলাম, আমি অনেকটাই নির্ভার ছিলাম। নির্ধারিত সময়ে ম্যাচ শুরু হলে এতটা নির্ভার হয়তো থাকতে পারতাম না।যা-ই হোক, এবার আজকের ম্যাচ প্রসঙ্গে ফেরা যাক। একজন চিত্রনাট্য রচয়িতাও তাঁর কল্পনার সব রং মিশিয়ে লিখলেও এমনটা হতো না। ওয়াংখেড়েতে বিশ্বকাপের ফাইনাল, আর সেখানেই সম্ভবত নিজের শেষ ম্যাচ খেলতে নামছে শচীন টেন্ডুলকার! মনে হচ্ছে, টুর্নামেন্টের রূপকথার মতো সমাপ্তির দিকেই এগিয়ে যাচ্ছি আমরা।অবশ্য দলকে শান্ত রাখার ব্যাপারে ধোনির যে সুখ্যাতি, আজ সেটি আরও বেশি করে প্রয়োজন। আর কোনো দলেরই এই খেলাটার কাছে এতটা ঋণ নেই, যেটা ভারতের আছে। নিজেদের কাঙ্ক্ষিত ফল পেতে তাদের আজ ভালো খেলতেই হবে।শ্রীলঙ্কা শুধু প্রতিভাধর একটি দলই নয়, তারা অদম্যও। খেলোয়াড়েরা নিজেদের টানা দ্বিতীয় বিশ্বকাপ ফাইনাল খেলছে। এই দুই ফাইনালের মাঝে তারা নিজেদের আরও শাণিয়েও নিয়েছে। এই মুহূর্তে শ্রীলঙ্কা অন্যতম সেরা একটি দল, এই কন্ডিশনে তারা তো আরও ভয়ংকর।এই অসাধারণ উপলক্ষটিকে আলিঙ্গনে বেঁধে ফেলুক ভারত, কিন্তু আবেগ-উত্তেজনাকে আপাতত সরিয়ে রাখুক। তাদের অবশ্যই পুরোপুরি নিবিষ্ট, পরিকল্পিত এবং পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে। আর তাদের ব্যাটসম্যানদের যদি জ্বলে ওঠার জন্য কোনো বিশেষ দাওয়াই লাগেই—স্কোয়াশ বল তো আছেই!