রূপসী বাংলার অপেক্ষা
মেসিদের আবাসনের জন্য হোটেল সোনারগাঁওই ছিল চূড়ান্ত। আর্জেন্টিনা দল তাদের অতিথি হচ্ছে—এই খবরে খুশির ঢেউ বয়ে গিয়েছিল হোটেলের সর্বস্তরের কর্মীদের মধ্যে। হোটেল লবিটা সাজানো হয়েছিল ফুটবল মাঠের মোটিফ দিয়ে, আর্জেন্টিনার জার্সি দিয়ে সাজানো হয়েছিল দেয়াল। সব মিলিয়ে সাজ-সাজ রব পড়ে গিয়েছিল হোটেলটিতে। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের আগমন উপলক্ষে সোনারগাঁও হোটেল ছেড়ে মেসিদের বিকল্প আবাসন হিসেবে রূপসী বাংলাকে বেছে নিতে বাধ্য হয়েছে ফুটবল ফেডারেশন।কাল দুপুরে রূপসী বাংলা হোটেলে গিয়ে অবশ্য মেসিদের আগমনীর আমেজ পাওয়া গেল না। হোটেল লবির টিকিট বুথে বসে আছে এক কিশোরী, ৬ সেপ্টেম্বরের আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচের টিকিট বিক্রি করছে। সেখানে একটি ডেস্কের দুই পাশে রাখা দুটি প্ল্যাকার্ড, সামনে পড়ে আছে মেসিদের ছবিসংবলিত কয়েকটি পোস্টার। বিদেশিদের প্রাত্যহিক আনাগোনার মাঝে বোঝার উপায় নেই যে, এখানেই থাকতে যাচ্ছেন বিশ্বসেরা ফুটবলার মেসি ও তাঁর সঙ্গীরা। তবে এসব নিয়ে যে হোটেল কর্তৃপক্ষ একেবারেই ভাবছে না, তা নয়। জনসংযোগ কর্মকর্তা জিয়া মহিউদ্দিন জানালেন, ‘রূপসী বাংলায় মেসিদের আবাসনের বিষয়টা এখনো আনুষ্ঠানিকভাবে বাফুফে থেকে চূড়ান্ত করা হয়নি। আমরা ওটারই অপেক্ষায় আছি।’ কিন্তু মেসিদের নিয়ে আগ্রহের কমতি নেই এই হোটেলেও। জানালেন, ‘আমরা এর আগে ক্রিকেট বিশ্বকাপের মতো বড় মাপের আন্তর্জাতিক টুর্নামেন্ট কাভার করেছি। ওই সময় বিভিন্ন ক্রিকেট দল, ম্যাচ অফিশিয়ালরা আমাদের এখানে ছিল। আমরাই ছিলাম বিশ্বকাপের অফিশিয়াল হোটেল। মেসিদের স্বাগত জানাতে মানসিকভাবে প্রস্তুত আমরা। এটা নিয়ে মানুষের মাঝে অনেক উন্মাদনা। এই ইভেন্টটা যেভাবে ব্র্যান্ডিং করার দরকার, যা যা করা প্রয়োজন সেটাই আমরা করব।’ যেকোনো প্রতিষ্ঠানের ব্র্যান্ডিং হয় নিজেদের ঢঙে, রূপসী বাংলারও নিজস্ব ধরন থাকবে। রহস্যটা না ভেঙে জিয়া মহিউদ্দিন বললেন, ‘আমরা যে সোনারগাঁওয়ের মতোই সবকিছু করব, সেটা ভাবা ঠিক না। এই ইভেন্টের সঙ্গে মানানসই ব্র্যান্ডিং অবশ্যই করব। তবে সোনারগাঁওকে নকল করব না। তবে কী কী করা হবে, সেটা এখনই বলতে পারব না। আমাদের একটা পরিকল্পনা আছে। আমরা ঈদের পরে বসে সিদ্ধান্ত নেব, আসলেই কী কী করা যেতে পারে। তবে খুব দ্রুতই এ ব্যাপারে সিদ্ধান্ত নেব।’আর্জেন্টিনা দলের আবাসনব্যবস্থা চূড়ান্ত হলেও নাইজেরিয়া দলের আবাসন নিয়ে জটিলতা থেকেই গিয়েছিল। কাল জানা গেল, ওয়েস্টিন হোটেল বরাদ্দ হয়েছে নাইজেরিয়ার জন্য। ওদিকে মেসিদের খাবারদাবারের ব্যাপারেও কোনো চূড়ান্ত প্রস্তুতি নিতে পারেনি রূপসী বাংলা হোটেল কর্তৃপক্ষ। হোটেলের প্রধান শেফ পিন্টু রোজারিও এই মুহূর্তে ঈদের ছুটিতে গেছেন। ছুটি থেকে ফিরেই তিনি কাজে লেগে পড়বেন।