ফিফটিকে সেঞ্চুরিতে রূপ দেওয়ার সুনাম ধরে রাখলেন কুমার সাঙ্গাকারা। টেস্টে যে ৫৮ বার পঞ্চাশের ঘরে গেছেন, তার ২৪ বারই সেটিকে তিন অঙ্কে নিয়ে গেছেন। হার ৪১.৩৮ শতাংশ। এখনকার ক্রিকেটারদের মধ্যে ঈর্ষণীয়। যদিও রেকর্ডের দিক দিয়ে সাঙ্গাকারা ধারেকাছেও নেই। এখানেও সবার ওপরে ডন ব্র্যাডম্যান। ৪২ বার পঞ্চাশের ঘরে গিয়ে ২৯ বারই সেঞ্চুরি করেছেন। হার ৬৯.০৫। হারের দিক দিয়ে ষাটের ঘরে আর একজনই—‘কালো ব্র্যাডম্যান’ জর্জ হেডলি (৬৬.৬৭)। ফিফটিকে সেঞ্চুরিতে রূপান্তরের ৫০ শতাংশ হার আছে ১০ জনের। তবে এঁদের মধ্যে এখনকার ক্রিকেটারদের কেউ নেই। সক্রিয়দের মধ্যে সবার ওপরে অ্যান্ড্রু স্ট্রাউস (৪৬.১৫)। ৪৫-এর ওপর এই হার আছে মাত্র দুজনের: বীরেন্দর শেবাগ (৪৫.৮৩) ও শচীন টেন্ডুলকার (৪৫.৩৭)। কাছাকাছি আছেন ইউনুস খান (৪৪.৭৪), কেভিন পিটারসেন (৪৪.৪৪) ও গ্রায়েম স্মিথ (৪৪)। ক্যারিয়ারে আশার সবটুকু ফুল হয়তো ফোটাতে পারেননি। তবে ৫ সেঞ্চুরি আর সাত ফিফটির কারণে মোহাম্মদ আশরাফুলের রূপান্তর হারটিও মন্দ নয় (৪১.৬৭)।