রেইনার অভিমান
শোনা যাচ্ছিল বার্সেলোনায় যেতে পারেন। শেষ পর্যন্ত গেলেন নাপোলিতে। ‘গেলেন’ না বলে ‘যেতে হয়েছে’ বলাই ভালো, কারণ পেপে রেইনার ইচ্ছার বিরুদ্ধেই নাকি তাঁকে ধারে নাপোলিতে পাঠিয়েছে লিভারপুল!
২০০৫ থেকে লিভারপুলের শেষ প্রহরী হয়ে ছিলেন। এই মৌসুমে দল ছেড়ে যেতে পারেন এমন গুজব অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল। লিভারপুল গোলরক্ষক সাইমন মিনোলেটকে সান্ডারল্যান্ড থেকে নিয়ে আসার পর সেটা একরকম নিশ্চিতই মনে হচ্ছিল। তাই বলে, নাপোলিতে যাবেন, তা যে রেইনা নিজেও ভাবেননি!
নিজের ওয়েবসাইটে এই স্প্যানিশ গোলরক্ষক অভিমান আড়াল করেননি, ‘সিদ্ধান্তের ওপর আমার হাত ছিল না। আমাকে এখন এটা মেনে নিতেই হবে। আমাকে যেভাবে ক্লাব ছাড়তে হলো, আফসোসটা সে কারণেই। ধারে পাঠানোর আগে লিভারপুল একবারও আমার সঙ্গে আলাপ করেনি। স্বাভাবিকভাবেই আমি হতাশ। আমি মনে করি, আমি আরও ভালো কিছু পাওয়ার দাবিদার। যদিও ফুটবলে অনেক কঠিন সিদ্ধান্তই নিতে হয়।’ এএফপি।