রেইনার রেকর্ড
গ্লাভস হাতে সময়টা ভালো যাচ্ছিল না পেপে রেইনার। এই মৌসুমে লিভারপুলের গোলপোস্টের নিচে করেছেন অমার্জনীয় কিছু ভুল। আগস্টে তাঁর ভুলেই এগিয়ে থেকেও আর্সেনালের বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় লিভারপুলকে। রেইনা ভুল করেছেন গত সপ্তাহেও, স্টুয়া বুখারেস্টের বিপক্ষে ইউরোপা লিগ ম্যাচে। এই রেইনাই পরশু লিভারপুলের গোলবারের নিচে দাঁড়িয়ে করে ফেললেন অনন্য এক রেকর্ড। লিভারপুলের ইতিহাসে সবচেয়ে কম ম্যাচ খেলে ‘গোল না খাওয়া’ ১০০তম ম্যাচের মাইলফলক স্পর্শ করলেন এই গোলরক্ষক।এর আগে এই রেকর্ডটি ছিল রয় ক্লেমেন্সের দখলে। ১০০টি ম্যাচে কোনো গোল না খাওয়ার কীর্তি গড়তে তাঁকে খেলতে হয়েছিল ২১৭টি ম্যাচ। ২০০৬ সালে লিভারপুলে যোগ দেওয়া রেইনা এটি করলেন ১৯৮ ম্যাচ খেলে। পরশু অ্যাস্টন ভিলার বিপক্ষে রেইনার রেকর্ড গড়ার দিনে তাঁর দল লিভারপুল ৩-০ গোলে হারিয়েছে অ্যাস্টন ভিলাকে।স্ত্রী দ্বিতীয় সন্তান উপহার দেওয়ায় দলের প্রধান গোল-অস্ত্র ফার্নান্দো তোরেস উড়ে গেছেন স্ত্রী-সন্তানের পাশে। তোরেসের অনুপস্থিতিতে সুযোগ পান ডাচ তারকা রায়ান বাবেল। লিভারপুলের দ্বিতীয় গোলটি করে তা কাজে লাগিয়েছেন এই ডাচ। বাকি দুটি গোল ডেভিড এনগগ ও ম্যাক্সি রদ্রিগেজের।এই জয় লিভারপুলকে তুলে এনেছে অষ্টম স্থানে। পরাজয়টা অ্যাস্টন ভিলার কোচ জেরার্ড হুলিয়ারের খুব বুকে বিঁধেছে। লিভারপুলের সাবেক এই কোচ অ্যানফিল্ডে এসেছিলেন পয়েন্ট ছিনিয়ে নেওয়ার স্বপ্ন নিয়ে। কিন্তু একসময়ের আপন ঘর অ্যানফিল্ড (১৯৯৮-২০০৪) তাঁকে উপহার দিল একরাশ হতাশা।সোমবার ইতালিয়ান সিরি ‘আ’তে নাপোলি ১-০ গোলে হারিয়েছে পালেরমোকে। লা লিগায় হারকিউলিসের বিপক্ষে একই ব্যবধানে জিতেছে দেপোর্তিভো লা করুনিয়া। জার্মান বুন্দেসলিগায় বেয়ার্ন লেভারকুসেন কোলনকে হারিয়েছে ৩-২ গোলে। এএফপি।