রেকর্ড আর সেঞ্চুরির দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরহাদ রেজা: ১৫৩
ফরহাদ রেজা: ১৫৩

দর্শকেরা পড়ে গেলেন উভয়সংকটে। ২ নম্বর মাঠে শামসুর রহমান ডাবল সেঞ্চুরির কাছাকাছি তো পাশের ৩ নম্বর মাঠে মোহাম্মদ মিঠুনও সেঞ্চুরি ছুঁই-ছুঁই। এ মাঠে নুরুল হাসান সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েছেন তো ও মাঠ থেকে খবর আসে, ইমরুলের সেঞ্চুরি হয়ে গেছে। কোনটা ছেড়ে কোনটা দেখা উচিত—দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলেন নির্বাচকেরাও!
বিকেএসপিতে অনুষ্ঠিত বিসিএলের দুটি ম্যাচ কাল হয়ে উঠেছিল এমনই সেঞ্চুরিময়। ওয়ালটন মধ্যাঞ্চলের ওপেনার শামসুর রহমান তো সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরির পর বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে এক দিনে সবচেয়ে বেশি রান করার রেকর্ডও করে ফেললেন! তাঁর অপরাজিত ২২৯ রানের সুবাদে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের বিপক্ষে দিন শেষে ৬ উইকেটে ৪২৯ রান করেছে মধ্যাঞ্চল। প্রথম ইনিংসে লিড ১২৬ রানের। ৩ নম্বর মাঠে কোনো ডাবল সেঞ্চুরি না হলেও সেঞ্চুরি হয়েছে তিনটি। আট নম্বরে নেমে আগের দিন ৭৬ রানে অপরাজিত থাকা ফরহাদ রেজার ১৫৩ রান বিসিবি উত্তরাঞ্চলকে দেয় ৪২১ রান। ১২৭ রানে অপরাজিত ইমরুল কায়েস আর মোহাম্মদ মিঠুনের (১০৭) সেঞ্চুরিতে দ্বিতীয় দিন শেষে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল করেছে ৩ উইকেটে ২৮৯।

ইমরুল: ১২৭*
ইমরুল: ১২৭*

এক বছর পর দীর্ঘ পরিসরের ক্রিকেটে ফেরা মাশরাফি বিন মুর্তজার বোলিংটাই কাল মূল আকর্ষণ হওয়ার কথা ছিল বিকেএসপিতে। আগের দিনের ৩০১ রানের সঙ্গে পূর্বাঞ্চল আর মাত্র ২ রান করেই অলআউট হয়ে যাওয়ায় উপলক্ষটা এসে গেল সকাল সকাল। নিরাশ করেননি মাশরাফি। ২ নম্বর মাঠের ন্যাড়া উইকেটেও হুল ফোটালেন পূর্বাঞ্চল ব্যাটসম্যানদের গায়ে। বিধ্বংসী এক ইনসুইংয়ে বোল্ড করে চরম বোকা বানালেন বাইরে যাচ্ছে ভেবে বল ছেড়ে দেওয়া মার্শাল আইয়ুবকে। ৮ ওভারের প্রথম স্পেলে একটি মেডেনসহ ৪৯ রান দিয়ে ১ উইকেট। এর পরও ২ ওভার করে আরও দুটি স্পেল করেছেন কোনো সমস্যা ছাড়াই।

মিঠুন: ১০৭
মিঠুন: ১০৭

বোলারদের জন্য সমস্যা বলতে ছিল আসলে উইকেটটাই। ও রকম ন্যাড়া উইকেটে বোলারদের অসহায় করে ব্যাটিং সৌন্দর্যটাই বেশি প্রকাশিত হবে স্বাভাবিক। শামসুর রহমানের অপরাজিত ২২৯ রান সেই সৌন্দর্যেরই উদাহরণ। এক দিনেই এত রান করে ফেলার মূল কারণ তাঁর ইতিবাচক মানসিকতা। বাজে বল কোনোটাই মারতে ছাড়েননি। ২৬০ বলের ইনিংসে দুই ডজন বাউন্ডারি, ছক্কা সাতটি। ৯৫ রান থেকে সেঞ্চুরিতে গেছেন আলাউদ্দিন বাবুকে স্কয়ার লেগের ওপর দিয়ে ছক্কা মেরে। ১৯৬ রান থেকে ডাবল সেঞ্চুরিতেও গেছেন ওভাবেই। মিড উইকেটের ওপর দিয়ে এবারের ছক্কাটা এনামুলের বলে। পুরো ইনিংসে নতুন জীবন বলতে একটাই—ব্যক্তিগত ২১৯ রানের সময় মাশরাফির বলে শামসুরের তুলে দেওয়া সহজ ক্যাচ নিতে পারেননি মুমিনুল।
১৮৫ রানে ৫ উইকেট পড়ার পর শামসুরের যোগ্য সঙ্গী হয়ে উঠেছিলেন নুরুল হাসান। ষষ্ঠ উইকেটে ১৫৫ রানের জুটিটাই আসলে চার শর দিকে এগিয়ে দেয় মধ্যাঞ্চলকে। তবে দুর্ভাগ্য নুরুলের। সেঞ্চুরিময় দিনেও নার্ভাস নাইনটির শিকার তিনি। ৯৪ রান করে স্টাম্পিংয়ের ফাঁদে পড়েছেন অলক কাপালির বলে।
নাসির আগের দিন ৯৯ রানে রানআউট হয়ে গেলেও ৩ নম্বর মাঠের ম্যাচে কাল সেঞ্চুরির সুযোগ ছাড়েননি কেউই। ২২টি বাউন্ডারি আর ছয় ছক্কায় উত্তরাঞ্চলের ফরহাদ রেজার করা ১৫৩ রানের পর আলো ছড়াল দক্ষিণাঞ্চলের ইমরুল আর মিঠুনের ব্যাটও। ৬৯ রানে ২ উইকেট পড়ার পর তৃতীয় উইকেট জুটিতে দুজন মিলে যোগ করলেন ২২০ রান। ১৩৫ বলে ১০৭ রান করা মিঠুন ১৩টি বাউন্ডারির সঙ্গে মেরেছেন ৪টি ছক্কাও। তাঁর তুলনায় ইমরুলের ইনিংসটি বেশ ধৈর্যশীল। তবে ২১৪ বলে ১২৭ রানে অপরাজিত এই বাঁহাতি ওপেনারও বাজে বলে সমান আগ্রাসী। বাউন্ডারি মেরেছেন ১৫টি, সঙ্গে ছক্কা পাঁচটি।

স ং ক্ষি প্ত স্কো র

মধ্যাঞ্চল-পূর্বাঞ্চল
পূর্বাঞ্চল ১ম ইনিংস: ৯১.৪ ওভারে ৩০৩ (লিটন ৭৯, নাজিমউদ্দিন ৫৭, তামিম ৩৭, জুবায়ের ৩৩, মুমিনুল ৩২; মাহমুদউল্লাহ ৪/৬৭, মার্শাল ২/৩২, শহীদ ২/৩৬, শাহাদাত ২/৫৬) । মধ্যাঞ্চল ১ম ইনিংস: ৮৫ ওভারে ৪২৯/৬ (শামসুর ২২৯*, নুরুল ৯৪, সানি ৩২*; আলাউদ্দিন ২/৮৪, অলক ১/২৭, ইয়াসিন ১/৬৪, মাশরাফি ১/৭৬, এনামুল জুনিয়র ১/১১০)।
উত্তরাঞ্চল-দক্ষিণাঞ্চল
উত্তরাঞ্চল ১ম ইনিংস: ১০৭.৫ ওভারে ৪২১ (ফরহাদ রেজা ১৫৩, নাসির ৯৯, ফরহাদ হোসেন ৭৬, জহুরুল ৩২; রবিউল ৩/৪৪, রাজ্জাক ৩/১০৫, সোহাগ ২/৯৮, সৌম্য ১/৩৫)। দক্ষিণাঞ্চল ১ম ইনিংস: ৭০ ওভারে ২৮৯/৩ (ইমরুল ১২৭*, মিঠুন ১০৭, সৌম্য ৪২; ফরহাদ রেজা ১/৫১, তাইজুল ১/৫৬, সাকলাইন ১/৮২)।