রেকর্ড এখানেও!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্টের প্রায় সব বোলিং রেকর্ডের মালিকের বিদায়ী টেস্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানটাও মনে হয় কয়েকটা রেকর্ড গড়ে ফেলল। পুরস্কার বিতরণী মঞ্চে এত লোক আগে কখনো দেখা গেছে বলে মনে হয় না। আইসিসির প্রধান নির্বাহী, বোর্ড কর্মকর্তা, গলের কিউরেটর, স্পনসরদের প্রতিনিধি থেকে শুরু করে ছিলেন মুত্তিয়া মুরালিধরনের মা-বাবা, স্ত্রী-পুত্র, শ্বশুর-শাশুড়িসহ আরও অনেকেই। পুরস্কার বিতরণীটা রেকর্ড বইয়ে ঢুকে যেতে পারে দৈর্ঘ্যের দিক থেকেও। আর মুরালি যতগুলো পুরস্কার পেলেন, একসঙ্গে এতগুলো আগে কেউ কখনো পেয়েছেন কি না সন্দেহ।শুরুটা হয়েছিল দেশের রাষ্ট্রপ্রধানকে দিয়ে। দেশের ক্রিকেটের মহানায়ককে সম্মাননা স্মারক তুলে দিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে। অফিসিয়াল ম্যাচ-সেরা লাসিথ মালিঙ্গা, কিন্তু ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ হয়ে মালিঙ্গার মতোই ১৫০০ ডলার ও ট্রফি পেলেন মুরালি। ম্যাচ-সংক্রান্ত পুরস্কারগুলো শেষ হওয়ার পর আলাদা একটা সেশন থাকল শুধু মুরালির জন্যই। শ্রীলঙ্কান ক্রিকেটে অবদানের জন্য সুদৃশ্য একটা ক্রেস্ট তুলে দিলেন গলের কিউরেটর জয়ানন্দ বর্ণবীরা। স্পনসরদের পক্ষ থেকে দেওয়া হলো মোবাইল, ‘প্লে দ্য বেস্ট’ ট্রফি। যে স্কুলে ক্রিকেট শুরু করেছিলেন মুরালি, সেই সেন্ট অ্যান্থনি স্কুলের পক্ষ থেকে দেওয়া হলো স্মারক। দেওয়া হলো ভারত-শ্রীলঙ্কা দুদলের সব ক্রিকেটারের স্বাক্ষর করা একটি গ্রুপ ছবি। আর পেলেন এই টেস্টে ‘টস’ করা হয়েছিল যে বিশেষ কয়েনটি দিয়ে, সেটি। সোনার তৈরি যে কয়েনের এক পাশে অঙ্কিত আছে মুরালির মুখ, আরেক পাশে তাঁর অবিশ্বাস্য সব পরিসংখ্যানের কয়েকটি। টনি গ্রেগের সঙ্গে মুরালির যে কথোপকথনটা হলো, এটাকে পুরস্কার বিতরণীর কথাবার্তা না বলে অনায়াসেই ছোটখাটো একটা সাক্ষাৎকার বলে চালিয়ে দেওয়া যায়। যা শেষ হয়েছে টনি গ্রেগের ‘থ্রি চিয়ার্স’ পেয়ে।