রেকর্ড করেও ‘বিব্রত’ টেলর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেচারা রস টেলর! দেশের পক্ষে দ্রুততম টেস্ট সেঞ্চুরির রেকর্ড গড়েছেন, কোথায় একটু প্রাণখুলে হাসবেন, উল্টো রীতিমতো বিব্রত। আগের রেকর্ডটি যে ছিল ড্যানিয়েল ভেট্টোরির! অধিনায়কের শততম টেস্টে তাঁর রেকর্ড ভেঙে সহ-অধিনায়ক যেন ভীষণ লজ্জিত, ‘আমি সত্যিই জানতাম না, মাঠের ঘোষক মার্ক বলার পর জেনেছি। ড্যানের শততম টেস্টে ওর রেকর্ড ভেঙে দেওয়াটা একটু বিব্রতকর, আমি ভেবেছিলাম জিম্বাবুয়ের বিপক্ষে ড্যানের সেঞ্চুরিটা বোধহয় ৬০ বলে।’টেলরের গোমরা মুখের কারণ আছে আরও। ৮১ বলে সেঞ্চুরি করে ভেট্টোরির ৮২ বলের রেকর্ড ভেঙেছেন, একাই করেছেন ১৩৮, তার পরও দলের রান মাত্র ২৬৪। ৩৩ রানের যে লিড নিউজিল্যান্ড পেয়েছে, আলোকস্বল্পতায় ২৪ ওভার আগে খেলা শেষ হওয়ার পরও সেটা পুষিয়ে দিয়ে উল্টো ২ রানের লিড নিয়েছে অস্ট্রেলিয়া। অক্ষত আছে সবগুলো উইকেটই। অর্থাৎ প্রথম দিনে যেটুকু এগিয়ে গিয়েছিল স্বাগতিকেরা, দ্বিতীয় দিন শেষে তা মুছে গিয়ে দুদলই দাঁড়িয়ে সমতায়। হ্যামিল্টন টেস্ট এখন কার্যত এক ইনিংসের খেলা।ভেট্টোরির রেকর্ড ভেঙেছেন, কিন্তু অল্পের জন্য আরেকটি রেকর্ড হাতছাড়া করেছেন টেলর। ২০০০ সালে এই সেডন পার্কেই ইউনুস খানের এক ওভারে ২৬ রান নিয়েছিলেন ক্রেইগ ম্যাকমিলান। কাল ইনিংসের ৫৪ ও নাথান হরিজের ১৩তম ওভারে টেলর নিয়েছেন ২৫ রান। টেলরকে আরও বড় গৌরব থেকে বঞ্চিত ও হরিজকে বড় লজ্জার হাত থেকে বাঁচিয়েছেন শেন ওয়াটসন। ওভারের তৃতীয় বলটি উড়িয়ে মেরেছিলেন টেলর, মিড উইকেট বাউন্ডারিতে লাফিয়ে বলটি ধরে ব্যালান্স হারিয়ে বাইরে পড়ে যাওয়ার আগে বলটি ভেতরে ছুড়ে দেন ওয়াটসন। যেটি হয়ে যেত ৬, সেটি হয় ১ রান। দৌড়ে ৩ রান নিতে পারলেও সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড করে ফেলতেন টেলর।দিনের শুরুতেই ম্যাথু সিনক্লেয়ারকে হারানোর পর ওয়াটলিংকে নিয়ে ৮০ বলে ৮৬ রানের জুটি গড়েন টেলর। ওয়াটলিংয়ের ৪৬ রান ১০৩ বলে, এটাই বলে দেয় কতটা আক্রমণাত্মক ছিলেন টেলর। তবে অস্ট্রেলিয়ান ফিল্ডারদের হঠাৎ উদারতায় ৭, ৫২ ও ৯২ রানে ক্যাচ দিয়েও বেঁচে গেছেন তিনবার। ভাগ্যটা সঙ্গে আছে বুঝেই হয়তো চালিয়ে গেছেন টেলর, ৭ চার ও ১ ছয়ে ফিফটি করেছেন ৩৪ বলে। পাকিস্তান সিরিজে দুবার নড়বড়ে নব্বইয়ে কাটা পড়া টেলর ৯৫ থেকে দুই চারে পৌঁছেছেন সেঞ্চুরিতে। নব্বইয়ে পা রাখার পর সেই দুই ইনিংসের কথা মনে পড়েছিল, কিন্তু টেলরকে নাকি সাহস জুগিয়েছে মার্টিন ক্রোর পরামর্শ ‘এসব সংখ্যা নিয়ে ভেবো না, তোমাকে ১৫০-২০০ করতে হবে।’টেলরের এই ইনিংসের পরও নিউজিল্যান্ডকে এত অল্পতে বেঁধে ফেলার কৃতিত্ব আসলে অস্ট্রেলিয়ান পেসারদের। মন্থর উইকেটেও বলিঞ্জার ও হ্যারিস নিয়েছেন ৩টি করে উইকেট, ৪টি জনসন। জনসন সবগুলো উইকেটই নিয়েছেন সামনে বল ফেলে, তবে কিউইদের যথেষ্ট ভুগিয়েছেন বাউন্সেও। পরে জানালেন ‘আগের টেস্টে আমি ঠিক আগ্রাসী ছিলাম না। এখানে তাই যতটা সম্ভব আগ্রাসী হতে চেয়েছি, ধীরগতির উইকেটেও শর্ট বল করেছি।’ ওয়েবসাইট।