রেকর্ড কর্নার
পন্টিং-টেন্ডুলকার দ্বৈরথখুব কাছে এখনো যেতে পারেননি, তবে টেস্টে শচীন টেন্ডুলকারের সবচেয়ে বেশি সেঞ্চুরির (৪৫টি) রেকর্ডটিকে ভালোই ধাওয়া করছেন রিকি পন্টিং (৩৯)। আর এতে যেন আরও উজ্জীবিত হয়ে এগোচ্ছেন টেন্ডুলকার। পাকিস্তানের বিপক্ষে গত সিরিজে পন্টিং একটি সেঞ্চুরি করলেন, জবাবে বাংলাদেশের বিপক্ষে টেন্ডুলকার করলেন দুটি। সেঞ্চুরির লড়াইয়ের মতো আরেকটি ক্ষেত্রে পন্টিংয়ের চেয়ে এগিয়ে টেন্ডুলকার, টেস্টের দুই ইনিংসেই শূন্য রানে আউট বা ‘পেয়ার’ এখনো পাননি তিনি, যে তিক্ত স্বাদের সঙ্গে একবার পরিচয় হয়েছে পন্টিংয়ের। ১৯৯৯ সালে হোবার্টে পাকিস্তানের বিপক্ষে ‘চশমা’ পেয়েছিলেন পন্টিং, প্রথম ইনিংসে তৃতীয় বলেই বোল্ড হয়েছিলেন ওয়াকার ইউনুসের বলে, পরের ইনিংসে ওয়াসিম আকরামের বলে এলবিডব্লু পঞ্চম বলে। আর এক টেস্টে টেন্ডুলকারের সবচেয়ে কম রান ৬, ১৯৯২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পোর্ট এলিজাবেথে টেস্টে প্রথম ইনিংসে ৬ রান করার পর দ্বিতীয় ইনিংসে আউট হয়েছিলেন প্রথম বলেই।