রেকর্ড কর্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাইল জার্ভিস বোলিং করছেন, আম্পায়ারিং করছেন কুমার ধর্মসেনা। সাবেক শ্রীলঙ্কা অফস্পিনারের কি মনে পড়ছে নিজের খেলেয়াড়ি জীবনের কথা? কাইলের বাবা ম্যালকম জার্ভিসের বিপক্ষে ১৯৯৪ সালে দুটি টেস্ট খেলেছিলেন ধর্মসেনা। বাবার বিপক্ষে টেস্ট খেলা আর ছেলের ম্যাচে আম্পায়ারিং করার কীর্তি আছে আর কেবল শ্রীনিবাস ভেঙ্কটরাঘবনের। খেলেছিলেন ল্যান্স কেয়ার্নসের বিপক্ষে, ক্রিস কেয়ার্নসের ম্যাচে ছিলেন আম্পায়ার। ভেঙ্কটরাঘবনের একই অভিজ্ঞতা হয়েছিল বর্তমান জিম্বাবুয়ে কোচ অ্যালান বুচার ও তাঁর ছেলে মার্ক বুচারের সঙ্গেও। বুচারদের সঙ্গে আবার খানিকটা অন্য অভিজ্ঞতা হয়েছিল পিটার উইলির। খেলেছিলেন অ্যালানের সঙ্গে একই দলে, আম্পায়ার ছিলেন মার্কের ম্যাচে। এই অভিজ্ঞতা হয়েছিল ভেঙ্কটরাঘবনেরও, বিজয় ও সঞ্জয় মাঞ্জরেকারের সঙ্গে। বাবার সতীর্থ ও ছেলের আম্পায়ার হওয়ার কীর্তি আছে আর দুজনের—নেড ও সিড গ্রেগরির সঙ্গে চার্লস ব্যানারম্যান, ফ্রেড ও মরিস টেটের সঙ্গে লেন ব্রন্ড।