দুবাইয়ে কাল সাঈদ আজমলকে কতটা দুর্বোধ্য মনে হয়েছে ইংলিশদের, এর সবচেয়ে বড় প্রমাণ পাঁচ ব্যাটসম্যানের এলবিডব্লুর শিকার হওয়া। এক ইনিংসে কোনো বোলারের সর্বোচ্চ এলবিডব্লু পাওয়ার রেকর্ড এটিই। তবে আজমলের সঙ্গী আরও পাঁচজন। প্রথম এই কীর্তি হয়েছিল পাকিস্তানের বিপক্ষেই, ১৯৯০ সালে সিডনি টেস্টে টেরি অল্ডারম্যানের ৫ উইকেটের সবগুলোই ছিল এলবিডব্লু। পরেরটি আবার ইংল্যান্ডের বিপক্ষেই, ক্যারিয়ার-সেরা বোলিংয়ে (৮/৪৫, ব্রিজটাউন, ১৯৯০) কার্টলি অ্যামব্রোস এলবিডব্লু করেছিলেন পাঁচ ইংলিশকে। মোহাম্মদ জাহিদের চমকপ্রদ অভিষেকে ৭ উইকেটের ৫টি ছিল এলবিডব্লু। ইংল্যান্ডের রিচার্ড জনসন এলবিডব্লু করেছিলেন পাঁচ জিম্বাবুইয়ান ব্যাটসম্যানকে, ২০০৩ সালে চেস্টার-লি-স্ট্রিটে। আজমলের আগে ইনিংসে এলবিডব্লুতে ৫ উইকেট পাওয়া একমাত্র স্পিনার ছিলেন মন্টি পানেসার, ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।