প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে ২০০ উইকেট পেলেন আবদুর রাজ্জাক। বাংলাদেশের বাঁহাতি স্পিনার ঢুকলেন এমন একটি ক্লাবে, যেটির প্রতিষ্ঠা কপিল দেবের হাত ধরে। ১৯৯১ সালের ২২ অক্টোবর শারজায় ওয়েস্ট ইন্ডিজের উইনস্টন বেঞ্জামিনকে এলবিডব্লু করে ২০০তম উইকেটটি পেয়েছিলেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক। এরপর গত ২২ বছরে ক্লাবের সদস্যসংখ্যা বেড়ে হয়েছে ৩৪। তাঁদের মধ্যে সবচেয়ে কম ম্যাচ খেলে মাইলফলকটি ছুঁয়েছেন সাকলায়েন মুশতাক। পাকিস্তানি অফ স্পিনার মাত্র ১০৪ ম্যাচেই পেয়েছিলেন ২০০ উইকেট। ১৪১ ম্যাচে ২০০ উইকেট রাজ্জাককে রেখেছে ১৫ নম্বরে। সময়ের হিসাবেও রেকর্ডটি সাকলায়েনের, ওয়ানডে অভিষেকের তিন বছর ২৪৯ দিনের মাথায় ২০০ উইকেট পেয়েছিলেন। রাজ্জাকের লাগল আট বছর ২৫৫ দিন।