শেষ টেস্টে সেঞ্চুরি, জ্যাক ক্যালিসের বিদায়বেলাটা হলো বেশ ঝলমলে এবং আবেগঘন। ক্যালিসকে ৩০০তম শিকার বানিয়ে জহির খান পা রাখলেন একটা মাইলফলকে। মজার ব্যাপার, শেন ওয়ার্নের ৩০০ নম্বর টেস্ট শিকারও ছিলেন ক্যালিস! বিল লরি ও ড্যারেন স্যামি এদিক থেকে আরেক ধাপ এগিয়ে। তিনজন করে বোলারের শততম শিকার হয়েছেন এ দুজন। তবে মাইলফলক ‘শিকার’ হওয়ার ক্ষেত্রে সবাইকে ছাড়িয়ে রিকি পন্টিং। চার-চারজন বোলারের ৫০তম টেস্ট শিকার পন্টিং—ব্রড, রোচ, জাইলস ও পল হ্যারিস। অবশ্য প্রথম উইকেটকে মাইলফলক হিসেবে ধরলে পাল্টে যাবে হিসাবটা। আরও অনেক রেকর্ডের মতো এখানেও অপ্রতিদ্বন্দ্বী শচীন টেন্ডুলকার। ১১ জন বোলার প্রথম উইকেটের স্বাদ পাওয়ার জন্য বেছে নিয়েছেন টেন্ডুলকারকে!