রেকর্ড গড়ার পথে ম্যানইউর আরেক ধাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপাটা প্রায় নিশ্চিতই করে ফেলেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এখন রেড ডেভিলরা ছুটছে এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ডের পেছনে। সেই যাত্রায় আজ এক ধাপ এগিয়েও গেছে অ্যালেক্স ফার্গুসনের শিষ্যরা। সান্ডারল্যান্ডের বিপক্ষে ১-০ গোলের জয় দিয়ে ৩০ ম্যাচ শেষে ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান ১৮।নিচের সারির ক্লাব সান্ডারল্যান্ডের বিপক্ষে খুব একটা সহজ জয় পায়নি ম্যানচেস্টার ইউনাইটেড। জয়সূচক গোলটিও ম্যানইউয়ের কোন ফুটবলারের কাছ থেকে আসেনি। প্রথমার্ধের ২৭ মিনিটে আত্মঘাতী গোল করে প্রতিপক্ষকে এগিয়ে দেন সান্ডারল্যান্ডের ডিফেন্ডার ব্রাম্বল। পরবর্তী সময় আর গোলের দেখা পায়নি কোনো দলই। ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে গতবারের শিরোপাজয়ীরা। আজকের এই জয় দিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের ঝুলিতে যোগ হয়েছে ৭৭ পয়েন্ট। ২০০৪-০৫ মৌসুমে সর্বোচ্চ ৯৫ পয়েন্টের রেকর্ড গড়েছিল জোসে মরিনহোর চেলসি। এবার সেই রেকর্ড ভাঙার দিকেই চোখ অ্যালেক্স ফার্গুসনের শিষ্যদের। তবে সে জন্য লিগের বাকি আটটি ম্যাচের ছয়টিতেই জিততে হবে ম্যানচেস্টার ইউনাইটেডকে। তাদের নিজেদের সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড ৯২।