রেকর্ড গড়বে টুইটার!
ফুটবল জ্বরে কাঁপছে গোটা বিশ্ব। সামাজিক গণমাধ্যমগুলোও তাতে পিছিয়ে নেই। বিশেষ করে ১৪০ শব্দে মনের ভাব প্রকাশের মাধ্যম ‘টুইটার’ তো ছাড়িয়ে যাচ্ছে অতীত সব রেকর্ড। ব্রাজিল টুইটার ব্যবস্থাপক রিবেনবোইম জানিয়েছেন, এই বিশ্বকাপ ভেঙে দেবে ২০১২ লন্ডন অলিম্পিক গেমসের ১৫০ মিলিয়ন টুইটের রেকর্ড, ‘টুইটারের জন্য এটি সবচেয়ে বড় উপলক্ষ। এই বিশ্বকাপ টুইটারকে দেবে এক নতুন মাত্রা।’ ব্রাজিলের দুর্বল টেলিযোগাযোগ কাঠামোর কারণে স্টেডিয়াম থেকে টুইট করা যাবে কি না, তা নিয়ে ছিল সংশয়। সেই আশঙ্কাও উড়িয়ে দিয়েছেন রিবেনবোইম। জানিয়েছেন, টুইটার কীভাবে সম্পৃক্ত হচ্ছে দলগুলোর সঙ্গে, ‘আমরা ফুটবল ফেডারেশনগুলোর সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে কাজ করছি। কীভাবে এই প্ল্যাটফর্ম ব্যবহার করতে হবে তা শেখাচ্ছি খেলোয়াড়দের। কীভাবে হ্যাশট্যাগ ব্যবহার করতে হয়, কীভাবে ফ্যানদের সঙ্গে সম্পৃক্ত থাকতে হবে, সবই জানতে পারছেন খেলোয়াড়েরা।’ রয়টার্স।