রেকর্ড গড়ে কান্না
তাঁর নাম ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে, এমন একটা রেকর্ড গড়েছেন যেটা হয়তো ভাঙবে না কোনো দিনই; তার পরও ইভো ইভানোভের মুখে হাসি নেই। বরং সেদিন মাঠ ছেড়ে বেরিয়ে আসার সময় লেভস্কি সোফিয়ার এই ডিফেন্ডারের কান্নামাখা মুখটাই ফ্রেমবন্দী হয়ে থাকছে। ইভানোভ যে ইউরোপীয় ক্লাব প্রতিযোগিতায় বদলি হিসেবে নেমে দ্রুততম গোলের রেকর্ড গড়েছেন। গোলটি আত্মঘাতী!গত বৃহস্পতিবার বুলগেরিয়ার সোফিয়ার সঙ্গে ইউরোপা লিগে খেলা ছিল ফরাসি ক্লাব লিলের। ৮৭ মিনিটে বদলি হিসেবে যখন নামেন, ইভানোভের দল এগিয়ে ২-১ গোলে। রক্ষণ আরও শক্তিশালী করে জয় নিশ্চিত করার জন্যই তাঁকে নামিয়েছিলেন কোচ ইয়াসেন পেত্রোভ। কোথায় কী, উল্টো মাঠে নামার ১৪ সেকেন্ডের মধ্যে নিজেদের জালে বল ঢুকিয়ে দেন ইভানোভ। কোনো কোনো পরিসংখ্যানবিদের হিসাবে, যেকোনো পর্যায়ের ফুটবলেই এটি বদলি হিসেবে নেমে দ্রুততম আত্মঘাতী গোলের রেকর্ড!‘এটা আমার জীবনের সবচেয়ে বাজে মুহূর্ত। আমি এখনো বুঝে উঠতে পারছি না কী থেকে কী হয়ে গেল। বলটা ক্লিয়ার করতে গিয়েছিলাম। কিন্তু মাথায় লেগে বল ঢুকে গেল আমাদেরই জালে’—বলেছেন ২৫ বছর বয়সী ইভানোভ। মাঠ ছাড়ার সময় সমর্থকদের ব্যঙ্গ-বিদ্রূপ, গালিগালাজও সইতে হয়েছে। ক্লাব অবশ্য তাঁর পাশে আছে জানিয়ে বিবৃতি দিয়ে বলেছে, এমনটা হতেই পারে। রয়টার্স।