রেকর্ড গড়ে জিতল গিনি
টানা দুই ম্যাচ জিতেও কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হলো না ঘানার। মালিকে ২-০ গোলে হারিয়েও শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে চারবারের চ্যাম্পিয়নদের। পরশু ‘ডি’ গ্রুপের অন্য ম্যাচে বতসোয়ানাকে ৬-১ গোলে হারিয়েছে গিনি। দুই ম্যাচে তিন পয়েন্ট করে পাওয়া গিনি ও মালির সুযোগ তো আছেই, শেষ আটের সম্ভাবনা শেষ হয়ে যায়নি দুই ম্যাচেই পরাজিত বতসোয়ানারও। অবশ্য সেটা শুধুই গাণিতিক হিসাবে।২০১০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালিস্ট ঘানা জিতেছে আসামোয়া জিয়ান ও আন্দ্রে আইয়ুর গোলে। গ্যাবনের ফ্রান্সভিলে হওয়া ম্যাচটিতে দুটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। ৬৩ মিনিটে ঘানাকে প্রথম এগিয়ে নেন গোড়ালির চোটে ভোগা জিয়ান। ১৩ মিনিট পর ব্যবধানটা দ্বিগুণ করেন আবেদি পেলে তনয় আন্দ্রে।একই মাঠে দিনের প্রথম ম্যাচে রেকর্ড করেই জিতেছে গিনি। এই নিয়ে মাত্র তৃতীয় দল হিসেবে আফ্রিকান কাপ অব নেশনসে এক ম্যাচে ৬ গোল করল পশ্চিম আফ্রিকান দেশটি। এর আগে ১৯৬৩ সালে মিসর ও ১৯৭০ সালে আইভরি কোস্ট করেছিল ৬ গোল।১৯৭৬ সালের চ্যাম্পিয়নরা প্রথমার্ধেই এগিয়ে যায় ৪-১ গোলে। ১৫ ও ২৭ মিনিটে প্রথম দুটি গোল করেন সাডিও ডিয়ালো। এই দুই গোলের মাঝে ২৩ মিনিটে বতসোয়ানাকে সমতায় আনেন সেলোওয়ানে। গিনির বাকি চারটি গোল করেছেন কামারা, ত্রাওরে, বাহ ও সুমাহ।১ ফেব্রুয়ারি গ্রুপের শেষ ম্যাচে বতসোয়ানা মালির এবং ঘানা গিনির মুখোমুখি হবে। এএফপি, রয়টার্স।