রেকর্ড গড়ে জয় বাংলাদেশের
প্রথম ম্যাচে ভারতের কাছে ২১ গোল। পরের দুই ম্যাচে পাকিস্তানের কাছে ১৯ ও শ্রীলঙ্কার কাছে ১৫ গোল হজম করেছে নেপাল। হিমালয় পর্বতমালার দেশটিকে কাল আরও বড় গোল-বন্যায় ভাসাল বাংলাদেশ। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে কাল নেপালকে ২৪-০ গোলে হারিয়ে একটি রেকর্ড গড়ে ফেলল স্বাগতিক দল। চলমান দক্ষিণ এশীয় গেমসে এটাই এ পর্যন্ত সবচেয়ে বড় জয়।আন্তর্জাতিক হকিতে এর আগে বাংলাদেশের বড় ব্যবধানের জয় ছিল আফগানিস্তানের বিপক্ষে। ২০০৪ সালে আমন্ত্রণমূলক ম্যাচে ৩০-০ গোলে আফগানিস্তানকে হারিয়েছিল তারা।আগের ম্যাচে পাকিস্তানের কাছে হার। ফাইনালে খেলার স্বপ্নটা তাই ধূসর হয়ে পড়ল বাংলাদেশের। ফাইনালে যেতে হলে আগামীকাল ভারতকে হারাতেই হবে। কাজটা অনেক কঠিন। তবে আশা ছাড়ছেন না রাসেল-মামুনুররা।ম্যাচ শুরুর আগে জার্মান কোচ গেরহার্ড পিটার শিষ্যদের ডেকে বলেছিলেন, ‘অন্তত ২৫ গোল দিতে হবে।’ কিন্তু একটা গোল কম হয়ে গেল! আন্তর্জাতিক হকিতে একেবারেই নবীন নেপাল দলের বিপক্ষে জয় নিয়ে অবশ্য কোনো সন্দেহই ছিল না বাংলাদেশের খেলোয়াড়দের। ৭০ মিনিটে ২৪ গোল—এর মানে দাঁড়াচ্ছে, গড়ে প্রায় তিন মিনিট পর পর একটি গোল হয়েছে। নেপালের রক্ষণভাগ বলে কিছুই অবশিষ্ট ছিল না। যে যেভাবে পেরেছে মুড়িমুড়কির মতো গোল করে গেছেন। সর্বোচ্চ ৯টি গোল করেছেন মামুনুর রহমান চয়ন। ম্যাচের ৩ মিনিটে গোলমুখটা খুলে দিয়েছিলেন মামুনুরই। তার পর গোল-উত্সবে মেতে ওঠেন রাসেল মাহমুদ জিমি, সাজ্জাদ হোসেন জন, জাহিদুল ইসলাম রাজন। রাসেল ৬টি, জন ৩টি, জাহিদুল ও রানা করেছেন ২টি করে গোল। নান্নু ও পুষ্কর খীসার গোল ১টি করে।খেলা শেষে উচ্ছ্বসিত কোচ গেরহার্ড মজা করে বললেন, ‘আমি নামলেও এই ম্যাচে গোল দিতে পারতাম।’ বাংলাদেশ এখন তাকিয়ে আছে ভারত ম্যাচের দিকে। তবে বাংলাদেশের কোচ ভয় পাচ্ছেন না, ‘আমি শুধু আশাবাদীই নই, নিশ্চিত বলতে পারেন ভারতের বিপক্ষে আমরা জিতব।’পাকিস্তানের জালে ভারতের ৫ গোলভারতের বিপক্ষে কালকের ম্যাচ নিয়ে পাকিস্তানি খেলোয়াড় ওয়াকাস আকবর বলেছিলেন, ‘এই ম্যাচ আমাদের কাছে শুধুই একটা ম্যাচ নয়, এটা একটা যুদ্ধও।’ তো সেই যুদ্ধে জয় হলো ভারতেরই। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে কাল ৫-১ গোলে হারিয়ে ফাইনাল প্রায় নিশ্চিত করে ফেলেছে তারা।খেলা ২ মিনিট গড়াতেই ২ গোল করে ভারতকে দুর্দান্ত সূচনা এনে দেন ধরমভ। ১৪ ও ১৯ মিনিটে রঘুনাথের দুই গোলে স্কোরলাইন ৪-০ করে ফেলে ভারত। ২৮ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে পাকিস্তানকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন ওয়াসিফ সিদ্দিকী। কিন্তু ম্যাচে ফেরা হয়নি তাদের। ৫৭ মিনিটে রঘুনাথের হ্যাটট্রিকটাই ভাগ্য গড়ে দেয় ম্যাচের।ম্যাচ শেষে ভারতের ম্যানেজার কর্নেল বলবীর সিং জানান, ‘ছেলেরা খুবই ভালো খেলেছে। জয়টা আমাদের প্রাপ্যই ছিল।’