রেকর্ড গড়ে পিএসজিতে কাভানি
পাঁচ মিলিয়ন ইউরোর চেয়ে কিছু কম। ২০০৭-০৮ মৌসুমের শুরুতে যখন উরুগুইয়ান ক্লাব দানুবিও থেকে ইতালির পালের্মোতে আসেন, এটাই ছিল এডিনসন কাভানির দাম। ছয় বছর পর সেই কাভানি নাপোলি ছেড়ে প্যারিস সেন্ট-জার্মেইয়ে গেলেন। মূল্য ৬৪ মিলিয়ন ইউরো মাত্র!এর চেয়ে বেশি দামে ফুটবলার কেনার রেকর্ড নেই কোনো ফরাসি ক্লাবের। ফুটবল ইতিহাসেই তাঁর চেয়ে বেশি ট্রান্সফার ফি নিয়ে দলবদল করেছেন মাত্র তিনজন—ক্রিস্টিয়ানো রোনালদো, জিনেদিন জিদান ও কাকা।তাঁকে পেতে চেয়েছিল ইউরোপের আরও অনেক ক্লাব। কিন্তু পেট্রোডলারের দাপটে শেষ পর্যন্ত সে লড়াইয়ে জয়ী পিএসজি। ক্লাবের সভাপতি নাসের আফ-খিলাইফি যে রীতিমতো উচ্ছ্বসিত, সেটা বোঝা গেল পরশু নতুন ঠিকানায় কাভানির পরিচিতি অনুষ্ঠানে, ‘সবাই কাভানিকে চেনে। সবাই তাঁকে চেয়েছিল। কিন্তু আমি খুব খুশি, ও শেষ পর্যন্ত আমাদের বেছে নিয়েছে।’ তবে এরপরই কৌশলে জানিয়ে দিয়েছেন উরুগুইয়ান স্ট্রাইকারের কাছে প্রত্যাশার কথাও, ‘ও ইতালিয়ান লিগের সর্বোচ্চ গোলদাতা ছিল। আমি আশা করছি, আমাদের হয়ে সে আরও ভালো করবে।’ আর কাভানি? আকাশচুম্বী দামের সঙ্গে যে একই রকম প্রত্যাশাও থাকছে সেটা জানেন তিনিও। নাপোলির হয়ে গত তিন মৌসুমে ১০৪ ম্যাচে ৭৮ গোল করা স্ট্রাইকার আশ্বাস দিলেন সে প্রত্যাশা পূরণের, ‘আমি অনেক আনন্দ, আত্মবিশ্বাস, সাফল্যক্ষুধা আর অনুপ্রেরণা নিয়ে এখানে এসেছি বড় শিরোপাগুলো জিততে। এই শহর এবং ক্লাবের সবাইকে বলতে চাই, আমি লক্ষ্যে পৌঁছানোর বিশাল আকাঙ্ক্ষা নিয়ে এসেছি।’ গত মৌসুমে তৃতীয়বারের মতো ফরাসি লিগের শিরোপাজয়ী পিএসজি ইউরোপিয়ান কোনো টুর্নামেন্টে এখন পর্যন্ত বড় কোনো সাফল্য পায়নি। এই ইতিহাস নতুন করে লেখার স্বপ্নও কাভানির চোখে, ‘এটা বিশ্বের সেরা ক্লাবগুলোর একটি। পিএসজি এমন একটা দল, যাদের চ্যাম্পিয়নস লিগ জেতার সামর্থ্যও আছে।’ এএফপি। গুঞ্জন আছে, তিনি যোগ দেওয়ায় ক্লাব ছেড়ে দিতে চাইছেন জ্লাতান ইব্রাহিমোভিচ। তবে উরুগুইয়ান স্ট্রাইকার আশাবাদী, এ রকম কিছু হবে না। বরং গত মৌসুমে পিএসজির হয়ে ৩০ গোল করা সুইডিশ স্ট্রাইকারের সঙ্গে দুর্দান্ত এক জুটি গড়ার প্রত্যাশা তাঁর, ‘ইব্রা বিশ্বমানের। ওর পাশে খেলাটা হবে দারুণ আনন্দের। আমি খুব খুশি, সে এখানে আছে। আশা করছি, সামনের মৌসুমে আমরা দারুণ এক আক্রমণাত্মক জুটি হয়ে উঠব।’