রেকর্ড গড়ে রত্নার ফেরা
ফাইনালের ফল ঘোষণা করতেই কাচঘেরা শ্যুটিং রেঞ্জে দর্শকেরা আনন্দে উদ্বেল। ক্যারিয়ার-সেরা ফলাফল করে শারমিন আক্তার রত্নাও সতীর্থদের জড়িয়ে ধরলেন আনন্দে।এর আগে দিল্লিতে কমনওয়েলথ শ্যুটিংয়ের শ্যুট-অফে ১০০.৫ স্কোর করেছিলেন। কাল জাতীয় শ্যুটিংয়ে করলেন ১০৫.৩। এই স্কোরেই রেকর্ড গড়ে মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতলেন রত্না। সব মিলিয়ে ৫০০.৩ পয়েন্ট স্কোর করেছেন বাংলাদেশ আনসারের শ্যুটার। বাছাইয়ে ৪০০-তে সমান ৩৯৫ করে রত্নার সঙ্গে সোনাজয়ের দৌড়ে ছিলেন বিকেএসপির তৃপ্তি দত্ত। কিন্তু শ্যুট-অফের ১০ শটেই পিছিয়ে পড়েন তৃপ্তি। রত্না সর্বোচ্চ ১০.৯ স্কোর করেছেন দুবার। তাই ৪৯৭.৬ স্কোর করে রুপা নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তৃপ্তিকে। ৪৯৪.২ পয়েন্টে ব্রোঞ্জ জিতেছেন রাজারবাগ রাইফেল ক্লাবের শারমিন আক্তার। ২০০৫ সালে ৪৯৫.৩ স্কোরে আগের রেকর্ডটির মালিক ছিলেন এই শারমিন।২০১০ এসএ গেমসের সোনা জিতেছিলেন, কমনওয়েলথ শ্যুটিংয়ে দলগত সোনা জয়ের পর ব্যক্তিগত ইভেন্টে জিতেছিলেন রুপা। এর পর থেকেই কোথায় যেন হারিয়ে যেতে থাকেন রত্না। গত এশিয়ান গেমসে আশানুরূপ ফল হয়নি। গত মাসে জার্মানিতে বিশ্বকাপ শ্যুটিংয়ে করেছিলেন মাত্র ৩৮৬। এবার যেন নিজের সঙ্গেই যুদ্ধ ঘোষণা করেছিলেন। পণ করেছিলেন ফিরে আসার। কাল শুধু ফিরলেনই না, ফিরলেন একেবারে রেকর্ড গড়েই। তবে ৪০০-এর মধ্যে রত্নার ৩৯৫ স্কোরকেও খুব ভালো বলতে পারছেন না ফেডারেশন সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ, ‘ও যে মানের শ্যুটার তাতে ৪০০-তে আরও বেশি স্কোর করা উচিত।’ তবে আপাতত এই ফিরে আসাটাকেই অনেক বড় করে দেখছেন রত্না নিজে, ‘এটা অবশ্যই আমার জন্য একটা টার্নিং পয়েন্ট। মানসিকভাবেও আমি অনেক এগিয়ে গেলাম এখন। জানি না বাইরে গিয়ে আবারও কেমন করব, তবে এই স্কোর আমার আত্মবিশ্বাস বাড়াবে।’ দিনের অন্য ইভেন্টে ছেলেদের ৫০ মিটার রাইফেলে প্রোনে সোনা জিতেছেন তৌফিক শাহরিয়ার (৬৮৭.৩), মেয়েদের ২৫ মিটারের পিস্তলে সোনা উঠেছে বিকেএসপির অন্তরা ইসলামের গলায়।