রেকর্ড গড়ে শিরোপা জিতল বায়ার্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বুন্দেসলিগার শিরোপা হাতে উল্লাসে মেতেছেন বায়ার্ন মিউনিখের খেলোয়াড়েরা। ছবি: রয়টার্স
বুন্দেসলিগার শিরোপা হাতে উল্লাসে মেতেছেন বায়ার্ন মিউনিখের খেলোয়াড়েরা। ছবি: রয়টার্স

মৌসুম শেষ হতে এখনো বাকি প্রায় দুই মাস। এর মধ্যেই জার্মান লিগ শিরোপা জয় নিশ্চিত করে ফেলেছে বায়ার্ন মিউনিখ। বুন্দেসলিগায় নিজেদের শেষ সাতটি ম্যাচ এখন শুধু সৌজন্য রক্ষার জন্যই খেলতে হবে পেপ গার্দিওলার শিষ্যদের। গতকাল হার্থা বার্লিনকে ৩-১ গোলে হারিয়েই শিরোপা জয়ের স্বাদ পেয়ে গেছে বায়ার্ন। ২৭ ম্যাচ শেষে ৭৭ পয়েন্ট নিয়ে নিজেদের ধরাছোঁয়ার বাইরে নিয়ে গেছে বাভারিয়ানরা। দ্বিতীয় স্থানে থাকা বুরুশিয়া ডর্টমুন্ডের সংগ্রহ ৫২ পয়েন্ট।
বুন্দেসলিগার এবারের মৌসুমে এখন পর্যন্ত একটি ম্যাচও হারেনি বায়ার্ন। ড্র করেছে মাত্র দুটি ম্যাচে। জার্মান লিগে তারা শেষ ম্যাচটা হেরেছিল ২০১২ সালের অক্টোবরে। এরপর টানা ৫২টি ম্যাচে অপরাজিতই আছে জার্মানির শীর্ষ এই ক্লাবটি। জয় পেয়েছে টানা ১৯টি ম্যাচে।
গত মৌসুমে ইয়ুপ হেইঙ্কেসের তত্ত্বাবধানে বায়ার্ন মিউনিখ শিরোপা জিতেছিল ছয় ম্যাচ বাকি থাকতে। এবার সাত ম্যাচ হাতে রেখেই বায়ার্নকে শিরোপা জেতালেন বার্সেলোনার সাবেক কোচ গার্দিওলা।
গত মৌসুমে প্রথমবারের মতো বায়ার্নকে ট্রেবল জিতিয়েছিলেন হেইঙ্কেস। এবারের মৌসুমেও সেটার পুনরাবৃত্তি করার পথে একধাপ এগিয়ে গেলেন গার্দিওলা। একটা বড় শিরোপা তো নিশ্চিত হয়েই গেল। জার্মান কাপের সেমিফাইনালেও চলে গেছে বায়ার্ন। বেশ ভালোভাবে টিকে আছে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ের লড়াইয়েও। শেষ আটের লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেড। সাম্প্রতিক সময়ে ইংল্যান্ডের এ ক্লাবটির যে রকম দুরবস্থা চলছে, তাতে সেমিফাইনালে যেতেও হয়তো খুব বেশি কষ্ট করতে হবে না বায়ার্নকে। শেষ পর্যন্ত সত্যিই ট্রেবল জয়ের পুনরাবৃত্তি করতে পারবে কি না, সেটাই দেখার বিষয়।