রেকর্ড গড়ে শীর্ষে রিয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচের শুরুটাই হয়েছিল উৎসবের মধ্য দিয়ে। ক্রিস্টিয়ানো রোনালদো তাঁর ফিফা-ব্যালন ডি’অর ট্রফিটি নিয়ে আসেন সান্তিয়াগোর বার্নাব্যুতে। বিশেষ এই উপলক্ষকে রোনালদো ও রিয়াল—দুই পক্ষই স্মরণীয় করে রেখেছে। জয়টা খুব বড় নয়। ঘরের মাঠে গ্রানাডাকে হারিয়েছে ২-০ গোলে। গত মে মাসের পর লিগে এই প্রথম শীর্ষে রিয়াল—এই জয় রিয়ালে বয়ে এনেছে তাই অন্য রকম স্বস্তিই। ১১২ বছরের ক্লাব ইতিহাসে গোল না খেয়ে টানা সাত ম্যাচ জয়ের রেকর্ডও গড়েছে স্প্যানিশ এই পরাশক্তি।
লি লিগায় ২১ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৫৩। ২০ ম্যাচে বার্সেলোনা ও অ্যাটলেটিকোর পয়েন্ট সমান ৫১। রিয়ালের শীর্ষে ওঠা অবশ্য এক দিনের জন্য। গত রাতে নিজ নিজ ম্যাচে জিতে থাকলে আবার হয়তো রিয়ালকে টপকে গেছে বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদ।
তা হোক, ২৪ ঘণ্টার জন্য হলেও তো শীর্ষে ওঠা গেল। কার্লো আনচেলত্তির দলের জন্য যা বিশেষ কিছুই। লিগে একটা সময় রিয়াল পিছিয়ে পড়েছিল ৮ পয়েন্টে। এ বছরটাও শুরু করে ৫ পয়েন্টে পিছিয়ে থেকে। লিগের মাঝামাঝিতেই সেই ব্যবধান ঘুচিয়ে ফেলাটা গুরুত্বপূর্ণই।
৫৭ মিনিটে রোনালদো করেন ১-০। লিগে এটি তাঁর ২২তম গোল। ৭৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন করিম বেনজেমা। এএফপি।