রেকর্ড গড়ে সেমিফাইনালে শারাপোভা
শেষ আটের লড়াইয়ে স্বদেশি ইকাটেরিনা মাকারোভাকে ৬-২, ৬-২ গেমে হারিয়ে দাপটের সঙ্গে সেমিফাইনাল নিশ্চিত করেছেন মারিয়া শারাপোভা। আর অস্ট্রেলিয়ান ওপেনের শুরু থেকেই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে নতুন এক রেকর্ডও গড়েছেন এই রাশিয়ান টেনিস তারকা।অস্ট্রেলিয়ান ওপেনে প্রথম দুইটি ম্যাচ শারাপোভা জিতেছিলেন কোনো গেমে হারের মুখ না দেখে, ৬-০, ৬-০ ব্যবধানে। পরের দুটি ম্যাচে তিনি প্রথমে ভেনাস উইলিয়ামসকে ৬-১, ৬-৩ ও পরে কারস্টেন ফ্লিপকেনসকে ৬-১, ৬-০ গেমের ব্যবধানে হারিয়েছেন। আর সেমিফাইনালে পৌঁছানোর যাত্রায় তিনি এখন পর্যন্ত হেরেছেন মাত্র নয়টি গেমে, যেটি অস্ট্রেলিয়ান ওপেনে নতুন এক রেকর্ড। সেমিফাইনালে পৌঁছানোর আগে মাত্র ১২টি গেমে হারের রেকর্ডটি এত দিন ছিল মনিকা সেলেসের দখলে।কোয়ার্টার ফাইনালে মাকারোভাকে হারাতে শারাপোভার সময় লেগেছে এক ঘণ্টা ছয় মিনিট। সেমিফাইনালে চীনা তারকা লি নার মুখোমুখি হবেন শারাপোভা।— রয়টার্স