রেকর্ড গড়েই সোনা জিতলেন বোল্ট

গ্লাসগোতে এসেই বিতর্কের ঝড় তুলেছিলেন উসাইন বোল্ট। কমনওয়েলথ গেমস নিয়ে নাকি করেছিলেন বিরূপ মন্তব্য। পরে অবশ্য বেশ কড়া ভাষাতেই প্রতিবাদ জানিয়েছিলেন এ ধরনের খবরের। সে সবের রেশ কাটতে না কাটতেই গ্লাসগোতে আবার উঠল বোল্ট-ঝড়। এবার সঠিক জায়গাটিতে। ৪–১০০ মিটার রিলে দৌড়ে। বোল্টের দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে জ্যামাইকাও জিতে নিল কমনওয়েলথ গেমসের ৪–১০০ মিটার রিলের সোনা।
১০০ ও ২০০ মিটার দৌড়ের রেকর্ডধারী বোল্ট নতুন রেকর্ড গড়েছেন কমনওয়েলথ গেমসে এসেও। তাঁর জ্যামাইকা দল ৪–১০০ মিটার রিলে দৌড় শেষ করেছে ৩৭.৫৮ সেকেন্ডে। এটিই এই ইভেন্টে কমনওয়েলথ গেমসের নতুন রেকর্ড।
জ্যামাইকার তৃতীয় দৌড়বিদ নিকেল আশমেডের হাত থেকে যখন ব্যাটনটা হাতে নিয়েছিলেন, তখন বোল্টের অবস্থান ছিল দ্বিতীয় স্থানে। কিন্তু শেষ পর্যন্ত সবার আগে বোল্টই পেরিয়েছেন ফিনিশিং লাইন। ৩৮.০২ সেকেন্ডে দৌড় শেষ করে দ্বিতীয় হয়েছে ইংল্যান্ড। তাদের চেয়ে ০.০৮ সেকেন্ড পরে দৌড় শেষ করে ব্রোঞ্জ পদক জিতেছে ত্রিনিদাদ ও টোবাগো।
প্রথমবারের মতো অংশ নিয়েই কমনওয়েলথ গেমসের সোনা জয়ের পর বোল্ট বলেছেন, ‘এটা আমার জন্য অনেক কিছু। কমনওয়েলথ গেমসের স্বর্ণপদকটাই শুধু আমার সংগ্রহে ছিল না।’— রয়টার্স