রেকর্ড চারবার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনজনের সংক্ষিপ্ত তালিকায় দিদিয়ের দ্রগবা ছিলেন, ছিলেন আসামোয়া জিয়ানও। বিশ্বকাপে নজরকাড়া পারফরম্যান্সের কারণে বিবিসির আফ্রিকান বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার পাওয়ায় জিয়ানের সম্ভাবনা দেখেছিলেন অনেকে। কিন্তু শেষ পর্যন্ত ২০১০ সালের আফ্রিকান বর্ষসেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেলেন স্যামুয়েল ইতোই।পরশু রাতে কায়রোতে ইতো এই পুরস্কার হাতে নিলেন রেকর্ড চতুর্থ বারের মতো। এর আগে ২০০৩, ২০০৪ ও ২০০৫—টানা তিন বছর এই পুরস্কার জিতেছেন। ইতো ছাড়িয়ে গেলেন আবেদি পেলেকে। ‘আফ্রিকান পেলে’ ১৯৯১ থেকে ১৯৯৩—টানা তিনবার জিতেছিলেন এই পুরস্কার।ইতিহাস গড়ার রাতে ইতো স্বভাবতই ছিলেন উচ্ছ্বসিত, ‘আবার এটা জেতাটা দারুণ আনন্দের। বিশেষ করে, দারুণ সব খেলোয়াড়ের সঙ্গে লড়াই করে চতুর্থ বার জেতাটা। আফ্রিকা থেকে এখন অনেক প্রতিভাবান খেলোয়াড় উঠে আসছে। এটা হয়তো আমার জন্য শেষ সুযোগ ছিল।’সবচেয়ে বেশিবার আফ্রিকার বর্ষসেরা। দেশের পক্ষে সর্বোচ্চ গোলের মালিক ইতো আফ্রিকান নেশনস কাপেরও সর্বোচ্চ গোলদাতা (১৮টি)। ইতোই আফ্রিকার সর্বকালের সেরা কি না, এই আলোচনাও তাই হচ্ছে। ইতো অবশ্য বিনয়ভরে এই আলোচনা থামিয়ে দিচ্ছেন, ‘এটা বলাটা অসম্ভব। চতুর্থ বার বর্ষসেরার পুরস্কার জেতায় রেকর্ড হলো বটে; কিন্তু এটা আমাকে সেরা বলার অধিকার দিয়েছে বলে আমি মনে করি না।’জিয়ান বর্ষসেরা হতে না পারলেও পরশুর এই অনুষ্ঠানে ছিল ঘানার জয়জয়কার। বিশ্বকাপে তাদের সার্বিয়ান কোচ মিলোভান রাজেভাচ জিতেছেন বর্ষসেরা কোচের পুরস্কার। তাঁর দেশ ঘানারই মিডফিল্ডার কাওদো আসামোয়া হয়েছেন বর্ষসেরা প্রতিশ্রুতিশীল খেলোয়াড়। ঘানা পেয়েছে আফ্রিকার সেরা দলের স্বীকৃতি। এএফপি।